ব্রাজিল দলে ফিরলেন রদ্রিগো-ভিনিসিয়ুস, অপেক্ষা বাড়ল নেইমারের

আগামী ১০ অক্টোবর সাউথ কোরিয়ার বিপক্ষে প্রীত ম্যাচ খেলবে ব্রাজিল। এর ৪ দিন পর জাপানের মুখোমুখি হবে সেলেসাওরা। এ দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে গতকাল বুধবার দল ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তি। ২৬ সদস্যের সে ব্রাজিল দলে এবারও জায়গা হয়নি নেইমারের। তবে দলে ফিরেছেন ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো।

ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন এক প্রতিবেদনে জানিয়েছে, বাঁ পায়ের ঊরুতে নতুন করে চোট পাওয়ায় ব্রাজিলের আসন্ন দুটি ম্যাচের স্কোয়াডে নেইমারকে বিবেচনা করেননি আনচেলত্তি। রেয়াল মাদ্রিদের সাবেক এ কোচ ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর থেকে একবারও জাতীয় দলে ডাক পেলেন না নেইমার।

সেলেসাওয়ের জার্সিতে নেইমার শেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ওই ম্যাচ খেলতে গিয়ে চোটে পড়েন নেইমার। এক বছর মাঠের বাইরে থাকার পর ক্লাবের জার্সিতে ফিরলেও নিয়মিত বিরতিতে সঙ্গী হিসেবে পাশে পেয়েছেন চোটকে। এর সঙ্গে যোগ হয় ফিটনেস ইস্যু। তাতে জাতীয় দলে নেইমারের প্রত্যাবর্তনের অপেক্ষা ক্রমেই দীর্ঘ হচ্ছে।

অন্যদিকে ব্রাজিলের বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত হওয়ায় সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুটি ম্যাচে ভিনিসিয়ুসকে দলে রাখেননি আনচেলত্তি। এর মধ্যে অবশ্য ভিনির এক ম্যাচে নিষেধাজ্ঞা ছিল। অন্যদিকে রেয়াল মাদ্রিদের জার্সিতে সময় কম পাওয়ায় আগের দুই ম্যাচের ব্রাজিল দলে রদ্রিগোকে রাখেননি আনচেলত্তি। তবে আসন্ন দুই প্রীতি ম্যাচের দলে মাদ্রিদরে দুই তারকাকেই রেখেছেন ইতালিয়ান কোচ।

আলোচিতদের মধ্যে চোটের কারণে এবারের ব্রাজিল দলে জায়গা পাননি রাফিনিয়া, মার্কিনিওস, আলিসন বেকার।

 

প্রীতি ম্যাচের ব্রাজিল দল:

গোলকিপার: এদেরসন, বেন্তো, উগো সোসা।

ডিফেন্ডার: কার্লোস অগুস্তো, এদের মিলিতাও, কাইও এনরিকে, ভান্দেরসন, দগলাস সান্তোস, ফাব্রিসিও ব্রুনো, গাব্রিয়েল মাগালহায়েস, বেরালদো,ওয়েসলি।

মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারাইস, জোয়েলিন্তন, কাসেমিরো, জোয়াও গোমেস, লুকাস পাকেতা।

ফরোয়ার্ড: এস্তেভাও, গাব্রিয়েল মার্তিনেল্লি, ইগর জেসুস, লুইস এনরিকে, মাথেউস কুইয়া, রিচার্লিসন, রদ্রিগো, ভিনিসিয়ুস।