ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ

ব্রাজিলকে বাড়ি পাঠানো স্পেনও গেল হেরে, আর্জেন্টিনা সেরা চারে

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা এর আগে রেকর্ড ৬ বার শিরোপা ঘরে তুললেও আর্জেন্টিনা শেষবার যুবাদের এ বিশ্বকাপ জিতেছিল ২০০৭ সালে। সেই থেকে দুই বছর পর পর হওয়া এ বৈশ্বিক টুর্নামেন্টে কোনো বারই কোয়ার্টার ফাইনাল বাধা পেরোতে পারেনি আকাশি-সাদারা।

অবশেষে সেই বাধার দেয়াল ডিঙ্গিয়েছে আর্জেন্টিনা। চিলিতে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে আজ রোববার ভোরে শেষ আটের ম্যাচে মেক্সিকোকে ২-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তের হয়ে গোল দুটো করেছেন মাহের কারিসো ও মাতেও সিলভেত্তি।

জয় নিয়ে মাঠ ছাড়তে অবশ্য কম বেগ পেতে হয়নি আর্জেন্টিনাকে। স্তাদিও নাসিওনাল হুলিও মার্তিনেস প্রাদানোসে দুদলই শরীরনির্ভর ফুটবল খেলেছে। সে কারণে ম্যাচজুড়ে ছিল ফাউল আর কার্ডের ছড়াছড়ি। আর্জেন্টিনার ৬ হলুদ কার্ডের বিপরীতে মেক্সিকোও সমান ৬টি হলুদ কার্ড দেখেছে। তবে মেক্সিকোর দুজন ম্যাচের যোগ করা সময়ে মেক্সিকোর লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন।

এমন ঘটনাবহুল ম্যাচে অবশ্য বল দখলে এগিয়ে ছিল মেক্সিকো। এমনকি গোলেও বেশি শট নিয়েছিল দলটি। তবে আর্জেন্টিনার খেলা ছিল তুলনামূলক গোছানো। আর সেখানেই এগিয়ে গেছে আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনা গোল দুটি পেয়েছে দুই অর্ধে। এর মধ্যে প্রথম গোলে মেক্সিকো গোলকিপার এমানুয়েল ওচোয়ার অবদানও কম নয়। বক্সের ভেতর থেকে ভালেন্তিনো আকুনার দুর্বল শট নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেননি ওচোয়া। ফিরতি বল সামনে যায় কারিসোর। সেখান থেকে সহজেই জালে বল জড়ান ১৯ বছর বয়সী এ ফরোয়ার্ড।

দ্বিতীয় গোলের জন্য আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হয়েছে ৫৬ মিনিট পর্যন্ত। মধ্যমাঠের কিছুটা সামনের জটলার ভেতর থেকে দারুণ এক থ্রু বাড়ান বদলি নামা ডিফেন্ডার হুয়ান ভিয়ালবা। সেই থ্রু ধরে দুই ডিফেন্ডারের ফাঁক গলে দারুণ ফিনিশিংয়ে স্কোরলাইন ২-০ করেন আরেক বদলি নামা মাতেও সিলভেত্তি। একইসঙ্গে আর্জেন্টিনার সেমিফাইনালও নিশ্চিত করেন তিনি।

ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী বৃহস্পতিবার ভোরে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। টুর্নামেন্টের অন্য কোয়ার্টার ফাইনালে স্পেনকে ৩-২ ব্যবধানে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে কলম্বিয়া।

শেষ আটে যাত্রা থামা এই স্পেনের কাছে হেরেই টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল। সেলেসাওদের বিদায় নিশ্চিত করার পর দ্বিতীয় রাউন্ডে ইউক্রেনকে হারিয়েছিল স্প্যানিশরা। তবে শেষ আটে কলম্বিয়ার কাছে হেরে আজ টুর্নামেন্ট থেকে বাদ পড়ল স্পেন।