২০০২ সালে প্রথমবার বাছাই পর্ব খেলা শুরু করলেও কখনো বিশ্বকাপের টিকিট পাওয়া হয়নি। আর একটি জয় পেলেই দুই যুগের অপেক্ষার অবসান ঘটবে। নিজ দেশে এমন মুহূর্তকে সামনে রেখে প্রায় ৬ লাখ জনসংখ্যার দ্বীপজুড়ে ছুটির ঘোষণা ছিল গতকাল, লক্ষ্য একটাই নিজ দেশের জন্য সর্বোচ্চ সমর্থন। অবশেষে দীর্ঘ ২৩ বছরের আক্ষেপ ঘুচিয়েছে আফ্রিকার দেশ কেপ ভার্দে। ইতিহাস গড়ে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে দেশটি।
গতকাল এসওয়াতিনির বিপক্ষে ৩-০ গোলের জয়ে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে পশ্চিম আফ্রিকার এই দ্বীপরাষ্ট্রটি।
ঘরের মাঠে অনুষ্ঠিত গ্রুপ ‘ডি’-এর শেষ ম্যাচে প্রথমার্ধে কেউই গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে দাইলোন লিভ্রামেন্তো, উইলি সেমেদো এবং অভিজ্ঞ স্টপিরার গোলে কেপ ভার্দে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করে। এই জয়ের ফলে ২৩ পয়েন্ট নিয়ে ‘ব্লু শার্কস’ খ্যাত দলটি গ্রুপ চ্যাম্পিয়ন হয়। ১০ ম্যাচে ৭ জয় ও ২টি ড্র নিয়ে কেপ ভার্দে পেছনে ফেলেছে দ্বিতীয় স্থানে থাকা আফ্রিকার সবচেয়ে সফলতম বিশ্বকাপ দল ক্যামেরুনকে (৮ বার অংশগ্রহণকারী)।
ক্যামেরুন সোমবার ঘরের মাঠে অ্যাঙ্গোলার বিপক্ষে গোলশূন্য ড্র করায়, কেপ ভার্দের জন্য হিসাব সহজ হয়ে যায়। ক্যামেরুনের এখনও প্লে-অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে আফ্রিকার ৯টি গ্রুপের মধ্যে সেরা চার রানার্স-আপকে একটি অতিরিক্ত বাছাই পর্বের রাউন্ডে খেলার সুযোগ দেওয়া হবে।
আইসল্যান্ডের (২০১৮ বিশ্বকাপ) পর কেপ ভার্দে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে খেলার যোগ্যতা অর্জন করেছে।
এর আগে আফ্রিকা অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট কেটেছিল মিসর, আলজেরিয়া, মরক্কো, তিউনিসিয়া ও ঘানা। ষষ্ঠ দল হিসেবে ইতিহাস গড়লো কেপ ভার্দে।
আসন্ন ২০২৬ বিশ্বকাপে ৪৮টি দেশ অংশ নেবে। এখন পর্যন্ত যে ২২টি দেশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।
যে ২২টি দেশ বিশ্বকাপের টিকিট পেল:
আয়োজক দেশ হিসেবে কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র।
আফ্রিকা থেকে কেপ ভার্দে ছাড়াও বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে মরক্কো, তিউনিসিয়া, মিশর, আলজেরিয়া, ঘানা।
এশিয়া অঞ্চল থেকে টিকিট পেয়েছে উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া, জর্ডান, অস্ট্রেলিয়া, ইরান, জাপান।
লাতিন আমেরিকা থেকে জায়গা পেয়েছে আর্জেন্টিনা, ইকুয়েডর, ব্রাজিল, উরুগুয়ে, প্যারাগুয়ে, কলম্বিয়া।
ওশেনিয়া থেকে নিউজিল্যান্ড।
ইউরোপ থেকে এখনও কেউই যোগ্যতা অর্জন করেনি। সেখান থেকে সরাসরি বিশ্বকাপে ১৬টি দল খেলার যোগ্যতা অর্জন করবে।