ইসরায়েলের বিশ্বকাপ খেলার পথ বন্ধ করে দিল ইতালি

ইসরায়েলের বিপক্ষে ইতালির বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি নিয়ে অনিশ্চয়তা ছিল। গাজা যুদ্ধের কারণে গত মাসে ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে সাময়িক নিষিদ্ধ করার কথা ভাবছিল ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। ম্যাচটির আয়োজক শহর উদিনের মেয়র আলবার্তো ফেলিচে দে তোনি ম্যাচটি স্থগিতের দাবি তোলেন। পাশাপাশি কয়েকদিন ধরে ম্যাচটি বয়কটের দাবিতে বিক্ষোভ-আন্দোলন তো ছিলই।

ম্যাচের টিকিট বিক্রিতেও এর প্রভাব পড়ে। উদিনের ব্লুএনার্জি স্টেডিয়ামের ২৫ হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়ামে ১০ হাজার টিকিটও বিক্রি হয়নি। ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরের এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা করে চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

এমন বিরূপ পরিস্থিতিতে ইসরায়েলকে গতকাল মঙ্গলবার রাতে ৩-০ ব্যবধানে হারিয়েছে ইতালি। এতে ২০২৬ বিশ্বকাপে খেলার পথ বন্ধ হয়ে গেল ইসরায়েলের। অন্যদিকে গতকালের জয়ে টানা দুই বিশ্বকাপে অনুপস্থিত থাকার পর যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো বিশ্বকাপে খেলার আশা বেঁচে থাকল আজ্জুরিদের।

ইতালির হয়ে গতকাল জোড়া গোল করেছেন মাতেও রেতেগি। অন্য গোলটি করেছেন জিয়ানলুকা মানচিনি। গতকালের জয়ে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠেছে জেনারো গাত্তুসোর দল। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে নরওয়ে। আর ৭ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তিনে ইসরায়েল।

বাছাইপর্ব শেষে গ্রুপ সেরা প্রতিটি দল সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। আর দ্বিতীয় সেরা দলকে পেরোতে হবে প্লে-অফের ঝক্কি। বাছাইয়ে ইসরায়েলের হাতে এক ম্যাচ বাকি। ওই ম্যাচ জিতলেও দলটির পয়েন্ট হবে ১২। কোনোভাবেই দ্বিতীয় হওয়ার সুযোগ নেই। অর্থাৎ ২০২৬ বিশ্বকাপের আশা এখানেই শেষ ইসরায়েলের।

অন্যদিকে আই গ্রুপ থেকে সরাসরি বিশ্বকাপে খেলার পথে সবচেয়ে সুবিধাজনক স্থানে নরওয়ে। অবশ্য আগামী নভেম্বরে নরওয়ের মুখোমুখি হবে ইতালি। ওই ম্যাচে আর্লিং হলান্ডদের হারাতে পারলে ইতালির সুযোগ আসবে শীর্ষে ওঠার। সেক্ষেত্রে বিবেচনায় আসবে গোল ব্যবধানের হিসাব। যেখানে আপাতত বড় ব্যবধানে এগিয়ে নরওয়ে।

গতকাল ইসরায়েলের বিপক্ষে বড় ব্যবধানে জিতে নরওয়ের সঙ্গে গোল ব্যবধান কমিয়ে আনার সুযোগ হাতছাড়া করেছে ইতালি। ম্যাচে বেশ কয়েকটি সুযোগ পেলেও মোটে তিনবারই গোল উৎসব করতে পেরেছে দলটি। তবে গত কয়েকদিনের পরিস্থিতি সামলে ম্যাচটা যে ঠিকঠাকভাবে আয়োজিত হয়েছে, আপাতত তাতেই সন্তুষ্ট গাত্তুসো। ম্যাচ শেষে ইতালি কোচ বলেছেন, ‘আজকের ম্যাচটা আমাদের জন্য সহজ ছিল না। গত কয়েকদিন পুলিশ অসাধারণ কাজ করেছে। আমি তাদের ধন্যবাদ জানাই।’

গাত্তুসো যোগ করেন, ‘সত্যি বলতে, ম্যাচটা সহজ ছিল না… অনেকদিন ধরেই আমাদের মনে হচ্ছিল, ম্যাচটা হয়তো আদৌ মাঠে গড়াবে না। আমরা এসেছি, প্রস্তুতিও নিয়েছি। কিন্তু জানতাম ম্যাচটা হলেও উৎসবমুখর পরিবেশে হবে না। আর সেটার চাপ আমরা টের পেয়েছি।’