এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে খেলার জন্য আর কয়েক দিন পরেই কুয়েত যাবে বসুন্ধরা কিংস। তবে কুয়েতে যাওয়ার আগে এবার বড় ধাক্কা খেল কিংস। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অন্যতম ডিফেন্ডার তারিক কাজী বসুন্ধরা কিংস ছাড়ার ঘোষণা দিয়েছেন।
আজ হঠাৎ বকেয়া বেতন না পাওয়ার অভিযোগ এনে বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি বাতিল করেছেন জাতীয় দলের এই ডিফেন্ডার। আজ সন্ধ্যার পর নিজের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে এই ঘোষণা দেন তারিক কাজী।
ক্লাবের সঙ্গে সুসম্পর্ক থাকলেও গত এক বছর বেতন নিয়ে টানাপোড়েন হওয়ায় তিনি কিংসের সঙ্গে আইনগতভাবে চুক্তি বাতিল করেছেন বলে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন, ‘আজ আমি বকেয়া বেতন পরিশোধ না হওয়ার কারণে আইনগতভাবে আমার চুক্তি বাতিল করেছি বসুন্ধরা কিংসের সাথে।’
চুক্তি বাতিলের ব্যাখ্যাও দিয়েছেন তারিক, ‘এক বছরের বেশি সময় ধরে অনিয়মিত ও বিলম্বিত বেতন পরিশোধের মধ্য দিয়ে গিয়েছি- অনিশ্চয়তার এমন এক সময়, যা আমাকে শুধু পেশাদার হিসেবেই নয়, একজন মানুষ হিসেবেও পরীক্ষা করছে। এটি শুধু আর্থিক কষ্ট ছিল না, এটি ছিল একটি মানসিক চাপ, যা প্রকৃত পেশাদাররা নিঃশব্দে বহন করে। তবুও প্রতিদিন আমি একই ভালোবাসা নিয়ে জেগেছি- মাঠে সবকিছু উজাড় করে দিয়েছি, আর অন্তরে লড়েছি এক নীরব যুদ্ধ: ভালোবাসা ও অবিচারের মাঝে।’
তারিক কাজী ২০২৫-২৬ মৌসুমের জন্য বসুন্ধরা কিংসের সঙ্গে নিবন্ধিত হয়েছেন। ইতোমধ্যে তিনি কিংসের হয়ে এএফসি চ্যালেঞ্জ লিগ ও ঘরেয়া ফুটবলও খেলেছেন। তবে আজ হঠাৎ এই ডিফেন্ডার তার চুক্তি বাতিলের ঘোষণা দেওয়ায় আলোচনা শুরু হয়েছে। তারিক কাজীর আকস্মিক সিদ্ধান্ত নিয়ে বসুন্ধরা কিংস কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।