ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে অপরাজিত দল হিসেবে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আগামীকাল মরক্কোর বিপক্ষে দীর্ঘ ১৮ বছরের আক্ষেপ মোচনের জন্য মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টাইন যুবারা। চিলির সান্তিয়াগোতে আগামীকাল ফাইনাল শুরু বাংলাদেশ সময় ভোর ৫টায়।
সেই ২০০৭ সালে সর্বশেষ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এখন পর্যন্ত ৭ বার ফাইনাল খেলা আর্জেন্টিনা ৬ বারই চ্যাম্পিয়ন হয়েছে। এদিকে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে মরক্কো।
পুরো বিশ্বকাপ জুড়েই দুর্দান্ত ছন্দে আর্জেন্টিনা। গ্রুপ ডি-তে অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পর নকআউট পর্বে নাইজেরিয়া, মেক্সিকো ও কলোম্বিয়াকে সহজেই হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা। এ পর্যন্ত বিশ্বকাপে ১৫টি গোল করেছে আলবিসেলেস্তেরা এবং মাত্র দুটি গোল হজম করেছে। দলের হয়ে সর্বোচ্চ ৪টি গোল করেছেন বায়ার লেভারকুসেনের ফরোয়ার্ড আলেহো সারকো।
অন্যদিকে, মরক্কো গ্রুপ সি-তে স্পেন ও ব্রাজিলের মতো শক্তিশালী দলকে হারিয়ে শীর্ষস্থান অর্জন করে। পরবর্তীতে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সকে পেনাল্টি শুটআউটে হারিয়ে প্রথমবার ফাইনালে ওঠে আফ্রিকার দেশটি। দলের সেরা গোলদাতা ইয়াসির জাবিরি(৩ গোল), যিনি পর্তুগিজ ক্লাব ফামালিকাও-তে খেলেন।
২০০৫ বিশ্বকাপে চতুর্থ স্থান অর্জন করার পর এই প্রথম নিজেদের সেরা পারফরম্যান্স দিয়ে শিরোপার দ্বারপ্রান্তে মরক্কো। ঘানার (২০০৯) পর দ্বিতীয় আফ্রিকান দেশ হিসেবে শিরোপা জয়ের সুযোগ থাকছে আশরাফ হাকিমির উত্তরসূরিদের।