অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ১৮ বছর পর শিরোপা পুনরুদ্ধারের সুযোগ ছিল আর্জেন্টিনার। সে লক্ষ্য পূরণের খুব কাছাকাছি ছিল আলবিসেলেস্তেরা। কিন্তু শেষ পর্যন্ত মিশন ব্যর্থ হয়েছে আকাশি-সাদার প্রতিনিধিদের। টুর্নামেন্টের ফাইনালে মরক্কোর কাছে ২-০ ব্যবধানে হেরে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ইয়ান সুবিয়াব্রে-মাহের কারিসোদের।
হারের পর স্বাভাবিকভাবেই মন খারাপ পুরো আর্জেন্টিনা দলের। সেই মন খারাপের সময় সান্ত্বনা দিয়েছেন দেশটির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। আর্জেন্টিনার মূল দলের অধিনায়ক যুবাদের মাথা উঁচু রাখতে বলেছেন। পাশাপাশি এটাও জানিয়েছেন, জুনিয়রদের অর্জনে গর্বিত তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে স্টোরিতে দেওয়া বার্তায় মেসি লিখেছেন, ‘মাথা উঁচু রাখো, ছেলেরা। তোমরা একটা অবিশ্বাস্য টুর্নামেন্ট খেলেছো। যদিও আমরা তোমাদের ট্রফি জিততে দেখতে চেয়েছিলাম। তোমরা মাঠে যা দিয়েছে, সেই আনন্দ এবং তোমরা হৃদয় দিয়ে যে আকাশি-নীল আর সাদা জার্সি রক্ষা করেছো, তা দেখে আমরা গর্বিত।’
অবশ্য আর্জেন্টিনা পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করেই খেলেছে। ৭৫ শতাংশ বলের দখল রাখার পাশাপাশি ২০টি শট নিয়েছিলেন কারিসো-সুবিয়াব্রেরা। কিন্তু কাজের কাজ গোলটা আদায় করতে পারেনি আর্জেন্টিনা। অন্যদিকে ৮টি শট নিয়েই দুটিতে সফল হয়েছে মরক্কো। ইয়াসির জাবিরির জোড়া গোলে ভর করে প্রথমবারের মতো শিরোপা জেতে আফ্রিকার দেশটি।
ম্যাচের পরিস্থিতি নিয়ে আর্জেন্টিনা দলের কোচ দিয়েগো প্লাসেন্তে বলেছেন, ‘শুরুটা আমাদের জন্য কঠিন ছিল। হয়তো ফাইনালের নার্ভাসনেস থেকেই। ভুলে থেকে প্রথম গোলটা খেতে হয়। মরক্কো এমন দল, যারা একবার এগিয়ে গেলে রক্ষণাত্মক খেলে আর দ্রুত পাল্টা আক্রমণ করে।’
শেষ পর্যন্ত ফল পক্ষে না এলেও শিষ্যদের পারফরম্যান্সে গর্বিত আর্জেন্টাইন যুবাদের কোচ, ‘ওদের বলেছি, আমি গর্বিত। এখন ওরা হয়তো শুনছে না। সবারই মন খারাপ। কিন্তু পরে বুঝবে কী অর্জন করেছে তারা। জয়-পরাজয়, ফুটবল এমনই।'