চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখ যে গতিতে ছুটছে, সেটাকে ভিডিও গেমের সঙ্গেও তুলনা করা যেতে পারে। ম্যাচের পর ম্যাচ যাচ্ছে, হার কিংবা ড্র বলে বলে যে কোনো শব্দ আছে ফুটবল দুনিয়ায়, সেটা বোধহয় ভুলেই গেছে বাভারিয়ানরা। এমনকি ম্যাচের অর্ধেকটা সময় ১০ জন নিয়ে খেলেও জয় নিয়েও মাঠ ছাড়ছে দলটিও, সেটাও আবার চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন পারি সাঁ জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে!
গতকালের ম্যাচে লুইস দিয়াস যখন লাল কার্ড ছাড়লেন, তখন সবে ম্যাচের প্রথমার্ধে শেষ। দ্বিতীয়ার্ধের পুরোটা সময় একজন বেশি নিয়ে খেলেছে পিএসজি। সেটাও আবার ঘরের মাঠে দর্শকদের সামনে। এরপরও বায়ার্নের জয়রথ থামাতে পারেনি লুইস এনরিকের দল। ম্যাচটা ২-১ ব্যবধানে জিতে চলতি মৌসুমে নিজেদের খেলা ১৬ ম্যাচেই জয়ের কীর্তি ধরে রাখল ভানসাঁ কম্পানির শিষ্যরা।
মৌসুমের শুরু থেকে টানা জয়ের ইউরোপিয়ান রেকর্ড ভাঙা বায়ার্ন এখন নিজেদের রেকর্ডটাই ক্রমাগত ওপরে নিয়ে যাচ্ছে। আর চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে সর্বশেষ পাঁচবারের দেখাতেই জিতল বায়ার্ন মিউনিখ।
গতকাল লাল কার্ড দেখার আগেই ম্যাচের ভাগ্য লিখে গেছেন দিয়াস। ম্যাচের ৪ ও ৩২ মিনিটে দুটি গোল করেছেন। পিএসজির হয়ে জোয়াও নেভেস অবশ্য শেষ দিকে একটা গোল ফিরিয়ে দিয়েছেন। তবে সেটা ম্যাচে ফেরার জন্য যথেষ্ট ছিল না।
জোড়া গোল ও পরে লাল কার্ড- দিয়াসের সৌজন্যে চ্যাম্পিয়নস লিগ মোটে দ্বিতীয়বারের মতো এমন কীর্তি দেখল। এর আগে ২০২১ সালের অক্টোবরে ইউরোপসেরার মঞ্চে লিভারপুলের বিপক্ষে ম্যাচে জোড়া গোলের পর লাল কার্ড দেখেছিলেন আতলেতিকো মাদ্রিদরে গ্রিজমান।
গতকাল দিয়াসময় ম্যাচে হারার পাশাপাশি আশরাফ হাকিমিকেও হারিয়েছে পিএসজি। প্রথমার্ধের যোগ করা সময়ে হাকিমিকে ফাউল করেন দিয়াস। শুরুতে দিয়াসকে রেফারি হলুদ কার্ড দেখালেও ভিএআর যাচাইয়ের পর লাল কার্ড দেখান। অন্যদিকে চোট নিয়ে চোখের জলে মাঠ ছাড়েন মরক্কোর এ তারকা ফুটবলার।
পরে দেখা গেছে, ক্রাচে ভর করে মাঠ ছাড়ছেন হাকিমি। তাঁর চোট প্রসঙ্গে পিএসজি অধিনায়ক বলেছেন, ‘আপাতত ছোট পরীক্ষা করা হয়েছে। আরও বড় পরীক্ষা-নিরীক্ষা করতে হবে।’
ম্যাচ শেষে পিএসজি কোচ জানিয়েছেন, তাঁর দল ইউরোপের সেরা দলের কাছে হেরেছে। লুইস এনরিকের ভাষায়, ’১১ জন বনাম ১১ জন অবস্থাতেও বায়ার্ন আমাদের চেয়ে শক্তিশালী অবস্থায় ছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা ইউরোপের সেরা দলের বিপক্ষে খেলেছি, যারা (এ মৌসুমে) সবচেয়ে ধারাবিহিক।’
চ্যাম্পিয়নস লিগের ম্যাচের ফল:
স্লাভিয়া প্রাগ ০-৩ আর্সেনাল
নাপোলি ০-০ ফ্রাঙ্কফুর্ট
আতলেতিকো মাদ্রিদ ৩-১ ইউনিয়ন সেন্ট গিলোইস
বোদো/গ্লিমত ০-১ মোনাকো
ইউভেন্তুস ১-১ স্পোর্তিং সিপি
লিভারপুল ১-০ রেয়াল মাদ্রিদ
অলিম্পিয়াকোস ১-১ পিএসভি
পিএসজি ১-২ বায়ার্ন মিউনিখ
টটেনহাম ৪-০ এফসি কোপেনহেগেন