কাউকে না জানিয়ে বার্সেলোনার স্টেডিয়াম ঘুরে দেখলেন মেসি

অন্য কোনো সময় হলে ঘটনাটা অনেক বড় হিসেবে আলোচিত হতো। লিওনেল মেসি আগে থেকে জানিয়ে গেলে নিশ্চিত বার্সেলোনার স্টেডিয়াম কাম্প ন্যু-র সামনে ভিড় জমে যেত। কিন্তু মেসি গতকাল রাতে চুপিচুপি গিয়ে দেখে এলেন সংস্কারকাজের চূড়ান্ত ধাপে থাকা কাম্প ন্যু-র অবস্থা, যেটা আজ ইনস্টাগ্রামে মেসির পোস্টের আগে কেউ জানতেই পারেনি!
 
গতকাল রাতে বার্সেলোনা লিগের ম্যাচ খেলেছে সেলতা ভিগোর মাঠে। বার্সার সমর্থকদের সবার নজর ছিল সেদিকে। এর মধ্যেই গতরাতে কাম্প ন্যু পরিদর্শনে গেছেন মেসি। আর্জেন্টিনা ফরোয়ার্ড আজ ইনস্টাগ্রামে এক পোস্টে সেটি জানানোর পর এ খবর ছড়িয়ে পড়ে চারিদিকে।  

চার বছর আগে বার্সা ছেড়ে চলে যাওয়ার পর মেসির বার্সেলোনায় আবার ফেরার গুঞ্জন একাধিকবার শোনা গিয়েছিল। তবে এসব কেবলই আলোচনার মাঝেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এবার কাম্প ন্যুর সংস্কারের কাজ শেষ দিকে আসায় মেসির ফেরা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। কদিন আগেই বার্সেলোনার সভাপতি জানিয়েছেন, কাম্প ন্যুর সংস্কার কাজ শেষ হতেই মেসিকে দিয়ে এর যাত্রা শুরু করতে চান তিনি। 

এমন মন্তব্যের কদিন না যেতেই বার্সেলোনার কাম্প ন্যুতে ফিরেছেন মেসি। রোববার রাতে ইনস্টাগ্রামে কাম্প ন্যুতে তোলা ছবি পোস্ট করে মেসি ক্যাপশনে লিখেছেন, ‘গত রাতে আমি ফিরে গিয়েছিলাম এমন এক জায়গায়, যা আমি মনেপ্রাণে মিস করি। যেখানে আমি অসীম সুখ খুঁজে পেয়েছিলাম, আর তোমরা আমাকে বারবার বিশ্বের সবচেয়ে সুখী মানুষ বানিয়েছিলে। আশা করি একদিন আবার ফিরব, শুধু খেলোয়াড় হিসেবে বিদায় জানাতে নয়, বরং যেমনটা আগে কখনো পারিনি...।’ 

অনেকে ধরে নিচ্ছেন, কদিন আগেই ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি আরও তিন বছরের জন্য বাড়িয়ে নেওয়া মেসি খেলোয়াড় হিসেবে বার্সায় ফেরার সম্ভাবনা যেহেতু ক্ষীণ, সে ক্ষেত্রে খেলা ছাড়ার পর বার্সায় অন্য কোনো পদেই হয়তো ফেরার ইচ্ছার ইঙ্গিত দিয়েছেন মেসি।
 
বর্তমানে কাম্প ন্যুর সংস্কার ও ধারণক্ষমতা বৃদ্ধির কাজ চলছে। মেসির এই সফর ছিল আবেগঘন এক পুনর্মিলন। কাতালান ক্লাবটির হয়ে এক যুগেরও বেশি সময় খেলেছেন তিনি, জিতেছেন ১০টি লা লিগা শিরোপা, ৪টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ৩টি ক্লাব বিশ্বকাপ। তবে ২০২১ সালের গ্রীষ্মে ক্লাবের আর্থিক সংকটের কারণে চোখে জল নিয়ে বিদায় নিতে হয়েছিল তাকে।

মেসির গতকালের পোস্টের জবাবে বার্সেলোনা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছে ‘তোমার ঘরে সবসময় তোমাকে স্বাগত, লিও।’

চলতি বছর একটি সাক্ষাৎকারে মেসি তাঁর বার্সেলোনায় ফিরে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। সিম্পলেমেন্তে ফুতবলকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমার ইচ্ছা ছিল বার্সেলোনায় ফিরে যাওয়ার, কিন্তু তা সম্ভব হয়নি। এরপর সিদ্ধান্তটা হয়ে যায় পারিবারিক। বিশ্বকাপ জেতাটাও এতে বড় প্রভাব ফেলেছিল। আমি ঠিক করেছিলাম, আর ইউরোপের কোনো দলে খেলতে চাই না।’ 

সব ঠিক থাকলে চলতি মাসের শেষ দিকে কাম্প ন্যুতে অনুষ্ঠিত হতে পারে প্রথম ম্যাচ। বার্সেলোনা সভাপতি লাপোর্তা জানিয়েছেন, তাদের পরিকল্পনা লা লিগায় ২২ নভেম্বর আথলেটিক বিলবাওয়ের বিপক্ষে অথবা এক সপ্তাহ পর ২৯ নভেম্বর আলাভেসের বিপক্ষে কাম্প ন্যুতে ফেরার।