বলছেন জামাল

ভারতকে হারানোর বড় সুযোগ বাংলাদেশের সামনে

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ হোম ম্যাচের প্রতিপক্ষ ভারত। আগামীকাল সেই ম্যাচের আগে বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে। অনলাইনে টিকিট ছাড়ার ৬ মিনিটের বিক্রি হয়ে গেছে বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির সব টিকিট। যা থেকে এই ম্যাচের উত্তাপ আঁচ পাওয়া যাচ্ছে। হাইভোল্টেজ এই ম্যাচে ভারতকে হারানোর বড় সুযোগ দেখছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। 

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ হ্যাভিয়ের কাবরেরা ও অধিনায়ক জামাল দুজনেই জয়ের ব্যাপারে আশাবাদী বলে মন্তব্য করেছেন।  

নিজেদের বর্তমান স্কোয়াড শক্তিশালী বলেই ভারতকে হারানো সম্ভব বলে মনে করেন জামাল ভূঁইয়া। এই ব্যাপারে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা যে অবস্থায় আছি এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই অবশ্যই আমাদের একটা বড় সুযোগ আছে। ডিফেন্সে অবশ্যই আমাদের সমস্যা আছে। তবে ভারত যদি অনেক উপরে উঠে খেলে, তাহলে আমরা সামনে অনেক স্পেস পাব। আক্রমণে যারা খেলবে ওরা অনেক গতিময় খেলোয়াড়। রাকিব সম্ভবত দক্ষিণ এশিয়ার সবচেয়ে দ্রুতগতির খেলোয়াড়। তাকে যদি ঠিকমতো ব্যবহার করতে পারি, তাহলে ভারতের যে–ই থাকুক না কেন, যেকোনো রক্ষণ তছনছ করতে পারে ও।’

আগামীকালের ম্যাচের পর লম্বা বিরতিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তাই বছরটা অন্তত জয় দিয়ে শেষ করার প্রত্যাশা জামালের, ‘এটা অনেক আবেগের ম্যাচ, উত্তেজনার ম্যাচ। এই ম্যাচের পর জাতীয় দলের জন্য অনেক লম্বা বিরতি আছে। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও আপনাদের জন্যও ইতিবাচক হবে। আমার জন্য ম্যাচটি আবেগের, একই সঙ্গে মস্তিষ্ক ব্যবহার করে খেলতে হবে।’

ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে খেলার মাঠে উত্তাপটা অন্য ম্যাচ থেকে অনেক ব্যতিক্রম হতে পারে বলে জানিয়েছেন জামাল। তবে যা কিছুই হোক না কেন সব কিছু স্বাভাবিকভাবে নেবেন বাংলাদেশ অধিনায়ক, ‘ম্যাচটি আবেগের, আমাদের মস্তিষ্ক ব্যবহার করে খেলতে হবে। কালকের ম্যাচে অনেক ফ্রি কিক হবে, হলুদ কার্ড হবে, গালাগালি হবে। তবে আমি এসব কিছুকে স্বাভাবিকভাবে নেব।’