স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা লম্বা সময় ধরে নিজেদের ঘরের মাঠ কাম্প ন্যুতে খেলতে পারছে না। অবশেষে প্রায় আড়াই বছর পর নিজেদের পুরোনো ঠিকানায় ফিরতে যাচ্ছে দলটি। আগামী ২২ নভেম্বর (শনিবার) অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যাম্প ন্যুতে ফিরবে বার্সেলোনা।
আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাবটি।
‘অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে লিগের ১৩তম ম্যাচডের এই খেলাটি ২২ নভেম্বর বিকেল ৪টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটি শেষ পর্যন্ত স্পটিফাই কাম্প ন্যুতে অনুষ্ঠিত হবে’- বিবৃতিতে বার্সেলোনা।
বার্সেলোনা বলছে, দীর্ঘ সংস্কারকাজের পর আবারও নিজেদের মাঠে খেলতে পারা ক্লাবটির জন্য ‘উদযাপনের মুহূর্ত’। একই সঙ্গে নতুন কাম্প ন্যুর সার্বিক রূপান্তর প্রকল্পও এগিয়ে চলছে।
বর্তমানে কাম্প ন্যুতে দর্শকদের অনুমোদিত ধারণক্ষমতা ৪৫,৪০১, যা সংস্কার শেষে স্টেডিয়ামের লক্ষ্য ১,০৫,০০০ আসনের তুলনায় অনেক কম।
২০২৩ সালের ২৮ মে মায়োর্কার বিপক্ষে ম্যাচটি ছিল কাম্প ন্যুতে বার্সার শেষ আনুষ্ঠানিক ম্যাচ। এরপর থেকে ক্লাবটি হোম ম্যাচ খেলেছে মন্টজুইকের অলিম্পিক স্টেডিয়ামে।
ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সপ্তাহের চ্যাম্পিয়নস লিগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ম্যাচটিও কাম্প ন্যুতে আয়োজনের জন্য উয়েফার সঙ্গে আলোচনা চলছে। তবে এখনো আনুষ্ঠানিক অনুমোদন মেলেনি।