২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের বাছাই পর্ব প্রায় শেষের দিকে। ইতোমধ্যে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ৪২ দল। বাকি আছে আর ৬ দল। যাদের সবাইকে প্লে অফের লড়াই উতরে আসতে হবে। এর মধ্যে ইউরোপ থেকে সুযোগ পাবে ৪টি দেশ, আর আন্তঃমহাদেশীয় প্লে-অফ থেকে আরও ২টি দল জায়গা পাবে বিশ্বকাপের মূলপর্বে।
ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্ব থেকে সরাসরি এখনো বিশ্বকাপ নিশ্চিত করতে পারেনি সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। ইউরোপিয়ান বাছাই পর্ব থেকে ১২ দল সরাসরি বিশ্বকাপে উঠেছে। যেখানে গ্রুপ চ্যাম্পিয়ন না হওয়ায় প্লে-অফে এসেছে ইতালি।
ইউরোপের মোট ১২ দল প্লে অফে লড়বে, সঙ্গে যুক্ত হয়েছে নেশনস লিগের সেরা ৪ গ্রুপ জয়ী। মোট ১৬ দলকে নিয়ে হবে আয়োজিত হবে প্লে-অফ।
বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে কঠিন পরীক্ষার মুখে ইতালি। আগামী মার্চে ঘরের মাঠে উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে খেলে শুরু হবে তাদের লড়াই। তবে টুর্নামেন্টে যেতে হলে পরের অ্যাওয়ে ম্যাচেও জিততে হবে। পরপর দুই আসরে এই বাছাই পর্বে ব্যর্থ হওয়ার চাপে থাকা ইতালি ড্রয়ের পরেও খুব একটা স্বস্তিতে নেই।
গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ফিফার ড্র অনুযায়ী, ২৬ মার্চ ইতালি–উত্তর আয়ারল্যান্ড ম্যাচের বিজয়ী পাঁচ দিন পরে খেলবে ওয়েলস বা বসনিয়া–হার্জেগোভিনার মধ্যকার বিজয়ী দলের মাঠে। সেই ম্যাচে জিতলেই মিলবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া প্রথম ৪৮–দলের বিশ্বকাপের টিকিট। সেই সঙ্গে ঘুচবে টানা দুই বিশ্বকাপে অংশ নিতে না পারার আক্ষেপ।
২০১৪ সালের পর আর কোনো বিশ্বকাপে না খেলা ইতালি চলতি মাসে নরওয়ের কাছে হেরে গ্রুপে পিছিয়ে পড়ে সরাসরি যোগ্যতা অর্জনের সুযোগ হারায়।
ইউরোপের বাকি দলের প্লে-অফের লড়াইয়ের প্রতিপক্ষ যারা
গ্রুপ এ
ইতালি বনাম উত্তর আয়ারল্যান্ড
ওয়েলস বনাম বসনিয়া ও হার্জেগোভিনা
গ্রুপ বি
ইউক্রেন বনাম সুইডেন
পোলান্ড বনাম আলবেনিয়া
গ্রুপ সি
তুরস্ক বনাম রোমানিয়া
স্লোভাকিয়া বনাম কসোভো
গ্রুপ ডি
ডেনমার্ক বনাম উত্তর ম্যাসেডোনিয়া
চেক প্রজাতন্ত্র বনাম আয়ারল্যান্ড
প্লে-অফের চার গ্রুপের প্রতিটি ম্যাচের বিজয়ী দল একে অপরের সঙ্গে খেলবে। সেখান থেকেই চার গ্রুপের চার চ্যাম্পিয়ন দলই পাবে বিশ্বকাপের শেষ চারটি ইউরোপিয়ান স্পটের টিকিট।
আন্তঃমহাদেশীয় লড়াই
ইউরোপ ছাড়া ছয় দলের আন্তঃমহাদেশীয় প্লে–অফেও ড্র অনুষ্ঠিত হয়েছে। শীর্ষ বাছাই ইরাক খেলবে বলিভিয়া বা সুরিনামের বিজয়ী দলের বিপক্ষে। সেই ম্যাচের জয়ী দল পাবে বিশ্বকাপের মূল পর্বের টিকিট। ১৯৮৬ সালের পর ইরাকের কাছে বিশ্বকাপ খেলার সবচেয়ে বড় সুযোগ এবার।
অন্যদিকে কঙ্গোর বিপক্ষে খেলবে নিউ ক্যালেডোনিয়া ও জ্যামাইকার মধ্যকার ম্যাচের বিজয়ী দল, সেখান থেকে আরেকটি দল পাবে বিশ্বকাপের টিকিট।
২০২৬ সালের ২৩–৩১ মার্চ মেক্সিকোর গুয়াদালাহারা ও মন্টেরেতে হবে আন্তঃমহাদেশীয় লড়াইয়ের এসব ম্যাচ।