২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা পাবে বিশেষ সুবিধা, ব্রাজিলের সামনে কঠিন রাস্তা

আগামী ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে। এর একদিন পরে বিশ্বকাপের ম্যাচের সময়সূচি ও ভেন্যু প্রকাশ করা হবে। এর আগে গতকাল মঙ্গলবার ড্রয়ের নতুন নিয়ম প্রকাশ করেছে ফিফা। আর সে নিয়মে ৪৮ দলের এ বিশ্বকাপে বিশেষ সুবিধা পাবে ফিফার সর্বশেষ হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে শীর্ষ চার দল- স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড!

বিশেষ সুবিধা অনুযায়ী, নিজ নিজ গ্রুপে সেরা হলে সেমিফাইনালের আগে এই চার দলের কোনো মুখোমুখি হওয়ার সুযোগ নেই। এমনকি ফাইনালের আগে স্পেনের মুখোমুখি হবে না আর্জেন্টিনা। একই ঘটনা ফ্রান্স-ইংল্যান্ডের ক্ষেত্রেও প্রযোজ্য!

প্রথমবারের মতো হতে যাওয়া ৪৮ দলের বিশ্বকাপে প্রতিযোগিতার ভারসাম্য বজায় রাখতে এমন সিদ্ধান্ত নিয়েছে ফিফা। আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল র‍্যাঙ্কিংয়ে পাঁচে থাকায় এমন সুবিধা পাচ্ছে না।

৪৮ দলকে চারটি আলাদা ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি ভাগে ১২টি করে দল রাখা হয়েছে। প্রতিটি পট থেকে একটি করে দল নিয়ে বিশ্বকাপের গ্রুপ নির্ধারিত হবে।

১ নম্বর পটে আয়োজক দেশ কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সঙ্গে থাকবে স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও জার্মানি।

২ নম্বর পটে থাকবে ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রিয়া ও অস্ট্রেলিয়া।

৩ নম্বর পটে – নরওয়ে, পানামা, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিসিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার, সৌদি আরব ও দক্ষিণ আফ্রিকা।

আর সর্বশেষ ৪ নম্বর পটে জর্ডান, কেপ ভার্দে, ঘানা, কুরাসাও, হাইতি, নিউজিল্যান্ড, ইউরোপীয় প্লে-অফের চার বিজয়ী (এ, বি, সি এবং ডি) বিজয়ী এবং ফিফা প্লে-অফ টুর্নামেন্টের ১ ও ২ নম্বর দল।

ফিফার ড্রতে আগের মতোই কিছু সীমাবদ্ধতা আছে। নিয়মে উল্লেখ করা আছে, গ্রুপ পর্বে একই মহাদেশের দুটি দল রাখা যাবে না। কিন্তু ইউরোপ থেকে সর্বোচ্চ ১৬টি দল অংশ নেওয়ায় চারটি গ্রুপে সর্বোচ্চ দুটি করে ইউরোপিয়ান দল থাকবে।

উল্লেখ্য, আগামী বছরের ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। আর পর্দা নামবে ১৯ জুলাই নিউজার্সির ফাইনাল দিয়ে।