লিভারপুলের সংকট যেন ক্রমেই ঘনীভূত হচ্ছে। মাস দুয়েক আগে হঠাৎ দুঃসময়ের সমুদ্রে পড়া অলরেডরা তীরের দেখা তো পাচ্ছেই না, বরং অথৈ জলে হাবুডুবু খেতে খেতে আরও গভীরে চলে যাচ্ছে। গতকাল বুধবার রাতের ম্যাচটার কথাই ধরা যাক। ঘরের মাঠ অ্যানফিল্ডে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পিএসজি আইন্দহফেন কাছে ৪-১ ব্যবধানে হেরেছে লিভারপুল।
১৯৯২ সালের সেপ্টেম্বরের পর থেকে এই প্রথম টানা তিন ম্যাচে তিন বা ততোধিক গোল হজম করল লিভারপুল। আর ১৯৫৩ সালের পর সব ধরনের প্রতিযোগিতায় টানা তিন ম্যাচে অন্তত তিন গোলের ব্যবধানে হারল তারা।
অলরেডদের এমন দুর্দশা শুধু এই তিন ম্যাচে, এমন নয়। মৌসুমের প্রথম সাত ম্যাচ জিতে শুরুটা দুর্দান্ত হয়েছিল স্লটের দল। এরপর গত ২৬ সেপ্টেম্বর রাতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হেরে বসে বাজে সময়ের বৃত্তে ঢোকে লিভারপুল। সেই থেকে এ পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচ খেলে ৯টিতেই হারল অলরেডরা। ১৯৫৩-৫৪ মৌসুমের পর এবারই প্রথম ১২ ম্যাচের মধ্যে ৯টিতে হারল লিভারপুল।
৭১ বছর পর লজ্জার স্মৃতি নতুনরূপে ফিরে আসা, টানা দুই মাস ধরে দলের বাজে অবস্থায় লিভারপুলে আর্নে স্লটের ভবিষ্যতও নড়বড়ে হয়ে পড়েছে। তবে ৪৭ বছর বয়সী এ ডাচ কোচ জানিয়েছেন, ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন তিনি।
প্রিমিয়ার লিগে ১২ ম্যাচ শেষে পয়েন্ট তালিকায় ১২ নম্বরে থাকা লিভারপুল গতকালের হারে চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট তালিকাতেও ১৩ নম্বরে নেমে গেছে। দল এমন বেহাল পরিস্থিতিতে পড়লেও ম্যাচ শেষে লিভারপুল কোচ বলেছেন, ‘আমি উদ্বিগ্ন নই। যেটা বোঝাতে চাচ্ছি, নিজের ভবিষ্যৎ নিয়ে নিয়ে দুশ্চিন্তার চেয়ে আমার মনোযোগ অন্য জায়গায়।’
সেই অন্য জায়গাটা কী, সেটার ব্যাখ্যাও দিয়েছেন স্লট, ‘আমি বিশ্লেষণ করি, খেলোয়াড়দের যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করি। গত মৌসুমে যেভাবে করতাম, এখন সেটা করতে পারছি না—এটা স্পষ্ট। ব্যক্তিগত ভুলগুলো আসলে পুরো দলের পারফরম্যান্সের প্রতিফলন।’
এমন পরিস্থিতিতে দায়িত্ব যে আরও বেড়ে গেছে, সেটাই জানিয়েছেন স্লট। তিনি বলেছেন, ‘আমাকেও আরও ভালো করতে হবে। প্রতিদিনই দলকে আগের চেয়ে ভালো করার চেষ্টা করছি—এটাই আমার প্রধান দায়িত্ব।’
দলের এমন দুর্দশাতেও ক্লাব কর্তৃপক্ষের সমর্থন যে পাচ্ছেন, সেটাও উল্লেখ করেছেন স্লট। লিভারপুল কোচ বলেছেন, ‘হ্যাঁ (সমর্থন পাচ্ছি), তবে এমন নয় যে তারা প্রতি মিনিটে আমাকে বলে, “আমরা তোমাকে সমর্থন করছি।” যখন জিতি, আমরা কথা বলি; যখন হারি, তখনও তারা আমাকে ও দলকে সাহায্য করার চেষ্টা করেন। আমরা নিয়মিত আলোচনা করি, আর সেই আলাপেই সমর্থনটা অনুভব করি। তবে এ ম্যাচের পর এখনও তাদের সঙ্গে কথা হয়নি। দেখাই যাক কী হয়।’
এদিকে ইংলিশ সংবাদমাধ্যমের খবর অনুসারে, লিভারপুলের বোর্ড পরিচালকেরা আজ জরুরি বৈঠক ডেকেছেন। সেখানে স্লটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে। এর আগে শোনা গিয়েছিল, স্লটকে জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে লিভারপুল। এবার দেখা যাক, স্লটের ব্যাপারে কী সিদ্ধান্ত নেন তারা।
চ্যাম্পিয়নস লিগের রাতের ম্যাচের ফল:
আর্সেনাল ৩-১ বায়ার্ন মিউনিখ
আতলেতিকো মাদ্রিদ ২-১ ইন্তের মিলানো
ফ্রাঙ্কফুর্ট ০-৩ আতালান্তা
লিভারপুল ১-৪ পিএসভি
অলিম্পিয়াকোস ৩-৪ রেয়াল মাদ্রিদ
পিএসজি ৫-৩ টটেনহাম
স্পোর্তিং সিপি ৩-০ ক্লাব ব্রুগে