ব্রাজিল তিনেও থাকতে পারল না, পর্তুগাল বিশ্বসেরা!

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে প্রথমবারের মতো শিরোপা জিতে ইতিহাস গড়েছে পর্তুগাল। কাতারের দোহায় অনুষ্ঠিত ফাইনালে অস্ট্রিয়াকে ১–০ গোলে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর উত্তরসূরিরা।

শুধু নিজেদের স্বপ্নই পূরণ করেনি পর্তুগালের যুবারা —৪৮ দলের বিশ্বকাপে ইউরোপের ক্রমবর্ধমান শক্তিও সামনে এনেছে। যেখানে বিশ্বকাপের চ্যাম্পিয়ন রানার্সআপ থেকে ধরে প্রথম তিনটি স্থানই যে ইউরোপীয় দলগুলোর দখলে। তৃতীয় স্থানের সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছে ব্রাজিল।

বিশ্বকাপের ফাইনালে ম্যাচের পার্থক্যটি গড়ে দেন বেনফিকার উদীয়মান ফরোয়ার্ড আনিসিও কাবরাল। ম্যাচের প্রথমার্ধের ৩২তম মিনিটেই জয়সূচক গোল করেন কাবরাল। 

টুর্নামেন্টে এটি ছিল তাঁর সপ্তম গোল—অস্ট্রিয়ার গোল্ডেন বলজয়ী জোহানেস মোসারের চেয়ে মাত্র এক গোল কম।

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ২০তম আসরে এসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে দেশটি। 

যুবাদের এই বিশ্বকাপ ফিফা সম্প্রসারণ করেছে। যেখানে আগে দুই বছর পরপর এই টুর্নামেন্ট আয়োজিত হত, এখন থেকে সেটি প্রতি বছর আয়োজন হবে।

কাতার এবারের আসরটি আয়োজন করেছে এবং আগামী চার বছরও আয়োজন করবে।

দিনের অন্য ম্যাচে তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে ইতালি ও ব্রাজিল গোলশূন্য ড্রয়ের পর ম্যাচ টাইব্রেকারে গড়ায়। সেখানে নায়ক বনে যান  ইতালির গোলরক্ষক আলেসান্দ্রো লঙ্গোনি। তাঁর দুটি দুর্দান্ত সেভ ইতালিকে ৪–২ ব্যবধানে জয় এনে দেয়।