রোববার রাতে ফরাসি লিগ আঁ-র ম্যাচে লরিয়ঁর মাঠে ৩-১ গোলে হারের পর অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়েছে নিস। দলের পারফরম্যান্সে অসন্তুষ্ট ফরাসি ক্লাবটির সমর্থকদের গ্রুপ ‘আলট্রাস’ আক্রমণ চালান নিসের খেলোয়াড়দের ওপর।
এ হামলায় ঘটনায় নিসের দুই ফুটবলার তেরেম মোফি ও জেরেমি বোগা বিক্ষুব্ধ সমর্থকদের মারধরের শিকার হন। এছাড়া ক্লাবের স্টাফদের বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় নিন্দা জানিয়ে বোগা ও মোফিকে কয়েকদিনের ‘অসুস্থতাজনিত ছুটি’ দিয়েছে নিস। ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।
সূত্রের বরাতে ইএসপিএন উল্লেখ করেছে, ম্যাচ শেষে নিসের টিম বাস লরিয়ঁ থেকে ফেরার সময় প্রায় ৪০০ আলট্রাস সমর্থক প্রশিক্ষণ মাঠে অপেক্ষায় ছিলেন। দলের পারফরম্যান্সে হতাশ ছিলেন তারা। বাস মাঠে প্রবেশ করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুজন সমর্থক রাগে-ক্ষোভে নিসের টিম বাসেই উঠে যান।
পরে যখন খেলোয়াড়রা বাস থেকে নামা শুরু করেন, পরিস্থিতির আরও অবনতি ঘটে। বিশৃঙ্খল পরিস্থিতিতে খেলোয়াড়দের ওপর হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ঘটনার বর্ণনায় ইএসপিএন উল্লেখ করেছে, বিমানবন্দর টিম বাসটি বুলেভার্ড জ্যঁ-লুশিয়ানোতে পৌঁছানোর পর আলট্রাসরা মোফি ও বোগাকে উদ্দেশ্যে করে থুথু মারেন, কেউ কেউ কেউ ঘুষি মারেন, কেউ আবার লাত্থিও মেরেছেন। সে সময় তাঁদের উদ্দেশ্য করে অপমানজনক কথাও বলা হচ্ছিল।
সমর্থকদের হাতে মারধরের শিকার ওই দুই খেলোয়াড় স্থানীয় থানায় গিয়ে জড়িতদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সূত্রের বরাতে ইএসপিএন লিখেছে, ঘটনার পর মোফিকে এক সপ্তাহের ও বোগাকে পাঁচ দিনের অসুস্থতাজনিত ছুটি দেওয়া হয়েছে।
এক বিবৃতিতে নিসের পক্ষে থেকে বলা হয়েছে, ‘রোববার লরিয়ঁ থেকে ফেরার পর প্রশিক্ষণ মাঠে বহু মানুষের সমাগমের মুখোমুখি হতে হয়েছে। দলের টানা বাজে পারফরম্যান্সে যে হতাশা তৈরি হয়েছে, ক্লাব সেটা বুঝতে পারছে। তবে এই সমাগমে যে মাত্রাতিরিক্ত আচরণ দেখা গেছে, সেটা মেনে নেওয়া যায় না। ক্লাবের কয়েকজন সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। নিস (হামলার শিকারদের) পূর্ণ সমর্থন দিচ্ছে এবং এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে।’
লরিয়ঁর মাঠে এ হার সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে নিসের টানা ৬ষ্ঠ হার। এ কারণে সমর্থকদের মধ্যে হতাশা ও ক্ষোভের মাত্রা ক্রমেই বেড়ে চলছিল। সমর্থকদের বেশি ক্ষোভ ছিল মোফি ও বোগার ওপর। তাঁদের অভিযোগ, গত কয়েক ম্যাচে মাঠে মন ছিল ছিল না আক্রমণভাগের এই দুই ফুটবলারের। সে কারণেই দলের ওপর হামলাও মোফি ও বোগাই লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন।
ইএসপিএন আরও লিখেছে, মোফিকে কেউ ঘুষি মারছিলেন, কেউ লাত্থি দিচ্ছিলেন, আবার কেউ তাঁর চুল ধরে টানছিলেন। নিসের গোলকিপার ইয়েভান দিয়ুফ এমন পরিস্থিতি থেকে মোফিকে সেখান থেকে উদ্ধার করে ক্লাবের বিল্ডিংয়ে নিয়ে যান। শেষ পর্যন্ত বাকি খেলোয়াড়রাও ক্লাব ভবনে নিরাপদে ঢুকেছেন। তবে এ ঘটনায় বেশিরভাগ খেলোয়াড় মানকিভাবে ভেঙে পড়েছেন। আর নিরাপত্তার এমন নাজুক পরিস্থিতির জন্য ক্লাবকে দায়ী করছেন তারা।
ক্লাবের স্পোর্তিং ডিরেক্টর ফ্লোরিয়ান মরিসকেও বাড়তি নিরাপত্তা দিয়ে ক্লাব ভবন থেকে তাঁর গাড়ি পর্যন্ত পৌঁছে দেয় নিরাপত্তাকর্মীরা। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, মোফি ও বোগার ওপর আলট্রাসদের ক্ষোভ থাকলেও দলটির কোচ ফ্রাঙ্ক হেইসকে পূর্ণ সমর্থন দিচ্ছেন তারা। এছাড়া অধিনায়ক মেলভিন বার্ড ও মিডফিল্ডার সোফিয়ান দিয়পের সঙ্গেও কোনো ধরনের বাজে ব্যবহার করেননি তারা।