রেয়াল মাদ্রিদ কোচের সামনে বিকল্প রাখল না বার্সা

স্তাদিও লা কার্তুজা দে সেভিয়াতে রেয়াল বেতিসের বিপক্ষে ম্যাচের ৬ মিনিটেই পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। শুরুতে ধাক্কা খেলেও সেটার প্রভাব বড় হতে দেয়নি হানসি ফ্লিকের দল। ফেরান তোরেসের হ্যাটট্রিকে ভর করে শেষ পর্যন্ত ৫-২ ব্যবধানে জিতে মাঠ ছেড়েছে কাতালান ক্লাবটি।

বেতিসের বিপক্ষে জিতে রেয়াল মাদ্রিদের ওপর চাপ বাড়িয়েছে বার্সা। গতকালের জয়ে লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট ব্যবধানে এগিয়ে গেল ফ্লিকের দল। ১৬ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে বার্সা। ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রেয়াল মাদ্রিদ। মাদ্রিদ অবশ্য একটা ম্যাচ কম খেলেছে। আজ রাতে সেলতা ভিগোর বিপক্ষে ম্যাচ আছে শাবি আলোনসোর দলের। এ ম্যাচ জিতে বার্সার সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ পাবে মাদ্রিদ।

গত অক্টোবরের শেষেও পয়েন্ট লা লিগার পয়েন্ট টেবিলের চিত্র ছিল ভিন্ন। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে জয়ের পর বার্সার চেয়ে লিগে ৫ পয়েন্ট ব্যবধানে এগিয়ে গিয়েছিল মাদ্রিদ। কিন্তু নভেম্বর মাসটা ভালো যায়নি শাবির দলের। একের পর এক ম্যাচে পয়েন্ট হারাতে থাকে মাদ্রিদ। এই সুযোগ বার্সা ব্যবধান কমিয়ে এক পর্যায়ে শীর্ষে ওঠে। গতকাল রাতে সেই ব্যবধানটা আরও বাড়িয়ে মাদ্রিদের ওপর চাপ বাড়িয়ে দিল।

মাদ্রিদের সাম্প্রতিক বেহাল পারফরম্যান্সে চাপ বাড়ছে কোচ শাবি আলোনসোর ওপরও। বার্সা এগিয়ে যাওয়ার তাঁর ওপর চাপটা আরও বেড়ে গেল। এখন চাপ কমাতে সেলতা ভিগোর বিপক্ষে জয় ভিন্ন অন্য কোনো পথ খোলা নেই রেয়াল মাদ্রিদের।

কিন্তু বার্সা গতকাল ম্যাচটা যেভাবে শুরু করেছিল, তাতে মনে হয়েছিল, ম্যাচের ফল ভিন্ন হতে পারে। ৬ মিনিটে অ্যান্থনির দারুণ এক গোলে এগিয়ে যায় বেতিস।

অবশ্য ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি বার্সা। ১১ মিনিটে জুলস কুন্দের ডান দিক থেকে বাড়ানো পাসে বল পেয়ে জালে বল জড়িয়ে বার্সাকে সমতায় (১-১) ফেরান তোরেস। দুই মিনিট পর দৃষ্টিনন্দন এক গোল করে বার্সাকে লিড এনে দেন তোরেস। এবার রুনি বার্গদির পাসে অনেক দিন মনে রাখার মতো এক সাইডভলিতে জালে বল জড়ান। ৪০ মিনিটে পেদ্রির পাসে বল পেয়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে হ্যাটট্রিক পূর্ণ করেন তোরেস।

মাঝে ৩১ মিনিটে অবশ্য গোলের খাতায় নাম লিখিয়েছেন বার্গদি। তাতে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা। ৫৯ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান আরও বাড়ান লামিন ইয়ামাল (৫-১)।

শেষ দিকে অবশ্য দুটি গোল ফিরিয়ে দেয় বেতিস। ৮৫ মিনিটে দিয়েগো লরেন্তের পর ৯০ মিনিটে বেতিসের হয়ে গোল করেন হুয়ান এরনার্ন্দেস। তাতেও ৫-৩ ব্যবধানের বড় জয় সঙ্গী করে মাঠ ছাড়ে বার্সা।

ম্যাচ শেষে শিষ্যদের ওপর সন্তুষ্টি প্রকাশ করে বার্সা কোচ হানসি ফ্লিক বলেছেন, ‘প্রথমার্ধে আমরা খুবই দারুণ খেলেছি। পিছিয়ে পড়েও আমরা (দ্রুত) সমতায় ফিরেছি। খেলোয়াড়রা যেভাবে খেলেছে, সেটা আমার খুব ভালো লেগেছে। দ্বিতীয়ার্ধের শেষ দিকে আমরা কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিলাম। তবে খেলোয়াড়রা ক্লাবের জন্য, সমর্থকদের জন্য, এই ব্যাজের জন্য তাদের সবটা নিংড়ে দিয়েছে।’

শেষ দিকে বার্সা কিছুটা এলোমেলো ফুটবল খেলেছে। সেটা নিয়ে খুব বেশি ভাবতে চান না ফ্লিক, ‘আমি এই ম্যাচটা নিয়ে ইতিবাচক থাকতে চাই। আমরা অবশ্যই বিশ্লেষণ করব। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা জিতেছি— দিনশেষে এটাই বড় বিষয়।’