আলাভেস, তালাভেরা, সেভিয়া- তিনটি বড় পরীক্ষার সামনে শাবি আলোনসোর সামনে। রেয়াল মাদ্রিদের সাম্প্রতিক দুঃসময় ও চ্যাম্পিয়নস লিগে গত বুধবার ম্যান সিটির কাছে হারের পর কোচের পদটা যাই যাই করছেন আলোনসোর। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুসারে, ওই তিনটি বড় পরীক্ষার যেকোনো একটিতে ব্যর্থ হলেই ছাঁটাই হবেন ৪৪ বছর বয়সী এ স্প্যানিশ কোচ।
এমন শঙ্কার মেঘ মাথার ওপর নিয়ে গতকাল রোববার প্রথম পরীক্ষায় পাশ করেছেন আলোনসো। তবে সেটাও ঘাম ঝরিয়ে। লা লিগায় আলাভেসের মাঠে গিয়ে ২-১ ব্যবধানের জয় পেয়েছে মাদ্রিদ। আলোনসোর দলের হয়ে গোল দুটি করেছেন কিলিয়ান এমবাপ্পে ও রদ্রিগো।
গতকালের আগে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে আট ম্যাচে মোটে দুই জয়ের পর গতকাল ন্যূনতম ব্যবধানে হলেও এ জয় আলোনসোকে কিছুটা হলেও স্বস্তি দেওয়ার কথা। সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষ দল বার্সেলোনার সঙ্গেও ব্যবধান কমিয়েছে লস ব্লাঙ্কোরা।
১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার দুইয়ে মাদ্রিদ। সমান ম্যাচে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা। আর মাদ্রিদের গতকালের প্রতিপক্ষ আলাভেস ১৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার ১২ নম্বরে আছে।
বাস্ক অঞ্চলের ক্লাবটির মাঠে গিয়ে মাদ্রিদ যে খুব বেশি দাপট দেখাতে পেরেছে, এমন নয়। তবে গোলের জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি আলোনাসোর দলকে। ম্যাচের ১০ মিনিটের মধ্যে এমবাপ্পের একটি প্রচেষ্টা বার ঘেঁষে বেরিয়ে গেলেও ফরাসি তারকার হাত ধরেই প্রথম গোলের দেখা মাদ্রিদে। চোটের কারণে আগের সপ্তাহে ম্যান সিটির বিপক্ষে খেলতে না পারা এমবাপ্পে ম্যাচের ২৪ মিনিটে দারুণ এক গোল করে মাদ্রিদকে এগিয়ে (১-০) দেন।
দুমিনিট পরে আবারও জালে বল জড়িয়েছিল আলোনসোর দল। তবে বল জালে জড়ানোর আগে হাতে বল লেগেছিল জুড বেলিংহামের। সে কারণে গোলটি বৈধতা পায়নি। প্রথমার্ধের শেষভাগে থিবো কোর্তোয়ার দুর্দান্ত একটি সেভের কল্যাণে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মাদ্রিদ।
দ্বিতীয়ার্ধে আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠে ম্যাচ। এর মধ্যে ৬৮ মিনিটে গোল করে আলাভেসকে সমতায় ফিরিয়ে ম্যাচের উত্তেজনা আরও বাড়িয়ে দেন ভিসেন্তে।
মাদ্রিদকে আবারও লিড এনে দিতে বেশি সময় নেননি রদ্রিগো। ৭৬ মিনিটে ভিনিসিয়ুসের পাসে গোল করেন ব্রাজিলিয়ান উইঙ্গার। লা লিগায় জানুয়ারির পর এটি রদ্রিগোর প্রথম গোল। শেষ পর্যন্ত এই গোলটাই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
স্কোরলাইন যাই হোক, পূর্ণাঙ্গ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেই স্বস্তির ঢেকুর তুলেছেন আলোনসো। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাদ্রিদ কোচ বলেছেন, ‘ম্যাচটা খুব কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। ভালো শুরুর পর আমরা লিড নিয়েছিলাম। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ হাতছাড়া হয়। এতে প্রথমার্ধটা আমরা ভালোভাবে শেষ করতে পারিনি। দ্বিতীয়ার্ধে আমাদের সুযোগ ছিল, কিন্তু ভালদেপেনাসের একটা ভুল থেকে আমরা গোল হজম করি। সেই সুযোগটা কাজে লাগিয়েছে ভিসেন্তে।’
এগিয়ে গিয়ে গোল হজম- সেখান থেকে আবার গোল করে ম্যাচ বের করা, এতেই খুশি আলোনসো। এ প্রসঙ্গে মাদ্রিদ কোচ বলেছেন, ‘দল (শেষ পর্যন্ত) লড়ে গেছে। সেটাও এমন একটি কঠিন প্রতিপক্ষের বিপক্ষে এমন স্টেডিয়ামে। দ্বিতীয় গোলটা আমাদের তিন পয়েন্ট এনে দিয়েছে। আমরা এখান থেকে খুশি মনে ফিরছি।’