বার্সার ১৬৯, এর চেয়ে বেশি চারবারই মেসির সময়ে

গতকাল রোববারের আগে লা লিগায় ভিয়ারেয়ালের মাঠে সর্বশেষ ১৬ ম্যাচ ধরে অপরাজিত বার্সেলোনা। স্পেনের পূর্বাঞ্চলের কাস্তেলন প্রদেশের ক্লাবটির মাঠে গিয়ে এ সময় ৪ ড্রয়ের বিপরীতে ১২টিতেই জিতেছে বার্সা। এর মধ্যে সর্বশেষ ৬টি ম্যাচেই শেষ হাসি হেসেছে কাতালান ক্লাবটি।

এমন পরিসংখ্যান সামনে নিয়ে গতকাল ভিয়ারেয়ালের মাঠ স্তাদিও দে লা সেরামিকাতে আতিথ্য নিয়েছিল হানসি ফ্লিকের দল। সাম্প্রতিক পরিসংখ্যানের মতো যথারীতি এ ম্যাচেও জয় তুলে নিয়েছে বার্সা। রাফিনিয়া ও লামিন ইয়ামালের দুই অর্ধের দুই গোলে ম্যাচটা বার্সা জিতেছে ২-০ ব্যবধানে।

গতকালের জয়ে শীর্ষস্থান আরও পাকাপোক্ত করেছে ফ্লিকের দল। ১৮ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে প্রতিপক্ষ রেয়াল মাদ্রিদের (১৮ ম্যাচে ৪২ পয়েন্ট) চেয়ে আবারও ৪ পয়েন্ট ব্যবধানে এগিয়ে গেল বার্সা।

ম্যাচে বার্সা প্রথম গোলের দেখা পেয়েছে ১১ মিনিটের মাথায়। ডানপ্রান্ত দিয়ে বক্সে ঢুকে পড়া রাফিনিয়াকে ফাউল করেন ভিয়ারেয়াল মিডফিল্ডার সান্তি কোমেসানা। এতে পেনাল্টি পায় বার্সা। স্পটকিক থেকে জালে বল জড়াতে ভুল করেননি রাফিনিয়া।

দ্বিতীয় গোলের জন্য বার্সাকে অপেক্ষা করতে হয়েছে ৬৩ মিনিট পর্যন্ত। দারুণ এক দলীয় আক্রমণের শেষে ভিয়ারেয়াল বক্সের ভেতর থেকে সৃষ্ট হওয়া জটলায় ডি ইয়ংয়ের পাসে বল পেয়ে স্কোরলাইন দ্বিগুণ করেন ইয়ামাল।

লা লিগায় ৮৭ ম্যাচে এটি ইয়ামালের ২১তম গোল। ১৯ বছর হওয়ার আগে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে চলতি শতাব্দীতে এর চেয়ে বেশি গোলের কীর্তি আছে শুধু কিলিয়ান এমবাপ্পের (২৩ গোল)।

ওই গোলটার আগে ৩৮ মিনিটের মাথায় ইয়ামালকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ভিয়ারেয়ালের পর্তুগিজ ডিফেন্ডার রেনাতো ভেইগা। ১০ জনে পরিণত হওয়া ভিয়ারেয়াল বাকি সময়ে বার্সার সঙ্গে তেমন পাল্লা দিতে পারেনি। তবে প্রতিআক্রমণে দুবার গোলের দারুণ সুযোগ পেয়েছিল মার্সেলিনো গার্সিয়ার শিষ্যরা। দুবারই দুর্দান্ত সেভ করে ভিয়ারেয়ালকে হতাশ করেছেন বার্সা গোলকিপার হুয়ান গার্সিয়া।

গতকালের ২ গোলসহ চলতি বছর খেলা ৬০ ম্যাচে ১৬৯ গোল দিয়ে বছর শেষ করল বার্সেলোনা। ক্লাব ইতিহাসে এক বছরে এর চেয়ে মোটে চারবার বেশি গোল করেছে বার্সা। উল্লেখযোগ্য বিষয়, ওই চার বছরই ছিল মেসি যুগে (২০১৫ সালে ১৮০ গোল, ২০১২ সালে ১৭৫ গোল, ২০১৬ সালে ১৭৪ গোল ও ২০১১ সালে ১৭০ গোল)।

ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচটি সহ এ নিয়ে লা লিগায় টানা ৩৮ ম্যাচে প্রতিপক্ষের জালে অন্তত একটি করে গোল করল বার্সা। ২০১৩ সালের অক্টোবরের পর থেকে লা লিগায় এই প্রথমবার টানা এত ম্যাচে গোল করল কাতালান ক্লাবটি।

গত এক যুগে এটা রেকর্ড হলেও ক্লাব ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড ভাঙতে আরও লম্বা পথ পাড়ি দিতে হবে বার্সাকে। ১২ বছর আগে ওই সময় লা লিগায় টানা ৬৪ ম্যাচে ১৯৮ গোল করেছিল বার্সা! লা লিগার ইতিহাসে টানা গোল করে যাওয়ার রেকর্ড সেটি।