ধারে লিওঁতে এনদ্রিক

অনেক আশা জাগিয়েও কিছুই করতে পারেননি, অবশেষে একটা গতি হলো তাঁর

ব্রাজিলিয়ান তারকা এনদ্রিক লম্বা সময় ধরে রেয়াল মাদ্রিদের স্কোয়াডে থাকলেও দলের একাদশে জায়গা পাচ্ছিলেন না। সামনে বিশ্বকাপ, এর আগে নিজের সামর্থ্যের কিছুই দেখাতে পারছেন না ১৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ান। অনেক দিন ধরেই গুঞ্জন ছিল মাদ্রিদ ছাড়তে পারেন এনদ্রিক। অবশেষে তা-ই সত্যি হলো, একেবারে ক্লাব না ছাড়লেও ধারে যাচ্ছেন অন্য ক্লাবে। 

ফরাসি ক্লাব লিও'তে ধারে যোগ দিচ্ছেন এনদ্রিক। পাওলো ফনসেকার দলের শক্তি বাড়ানোর জন্য শুরু থেকেই এই ব্রাজিলিয়ানকে লক্ষ্য হিসেবে বিবেচনা করা হচ্ছিল। এনদ্রিকের দল বদলের খবরটি নিশ্চিত করেছেন ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিসিও রোমানো। 

তার তথ্যমতে, এনদ্রিকের স্পেন থেকে ফ্রান্সে যাওয়ার চুক্তি ছয় মাসের সরাসরি লোন (ধার)। এতে স্থায়ীভাবে দলবদলের কোনো সুযোগ রাখা হয়নি বা কোনো বাধ্যবাধকতাও নেই। লিও এই লোনের জন্য রেয়াল মাদ্রিদকে ১০ লাখ ইউরো প্রদান করবে, এবং এনদ্রিক সেখানে ৯ নম্বর জার্সি পরবেন।   

আগামী বছরের মার্চে প্রায় নিশ্চিত হয়ে যাবে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড। কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল জাতীয় দলে বিশ্বকাপের জন্য জায়গা করে নেওয়ার সম্ভাবনা বাড়াতেই নিয়মিত খেলার সময় চাচ্ছিলেন এনদ্রিক।

তবে রেয়াল মাদ্রিদে তার সেই সুযোগ হচ্ছিল না। চলতি মৌসুমে এই ব্রাজিলিয়ান লা লিগায় মাত্র একটি ম্যাচ এবং চ্যাম্পিয়নস লিগে একবার মাঠে নামেন, আর তাতেই সাময়িকভাবে অন্য ক্লাবে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবেন তিনি। 

ফ্রান্সের ক্লাবে ধারে গেলেও রেয়াল মাদ্রিদে দীর্ঘমেয়াদে থাকবেন তিনি। এনদ্রিকের বর্তমান চুক্তির মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত। শাবি আলোনসো দায়িত্ব নেওয়ার পর থেকে এনদ্রিক নিয়মিত একাদশে সুযোগ পাচ্ছিলেন না।  

ব্রাজিলিয়ান এই তারকাকে অবশ্য কম সময় খেলানোর ব্যাপারে আগেই ব্যাখ্যা দিয়েছেন কোচ শাবি আলোনসো। তিনি জানান, ইনজুরি থেকে ফেরার পর দলের ম্যাচ পরিস্থিতি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ায় এনদ্রিককে তাড়াহুড়ো করে মাঠে নামানো হয়নি। তবে তিনি আশাবাদী যে সঠিক সময়ে এই তরুণ ফরোয়ার্ড সুযোগ পাবেন।

ফ্রান্সের লিগ ওয়ানে আগামী ৩ জানুয়ারি মোনাকোর বিপক্ষে লিও'র হয়ে এনদ্রিককে দেখা যাওয়ার সম্ভাবনা আছে। চলতি মৌসুমে লিও ১৬টি লিগ ম্যাচের মধ্যে আটটিতে জয় পেয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে।