হামজাকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেল বাংলাদেশ

বাংলাদেশের জাতীয় ফুটবল দল এখন বিরতিতে থাকলেও আগামী মার্চের শেষদিকে মাঠে ফিরছেন জামাল ভূঁইয়ারা। সেই উইন্ডোতে দুটি ম্যাচ রয়েছে। তবে এর আগে চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরী। হাঁটুর চোট পড়েছেন তিনি, সেরে উঠতে কয়েক সপ্তাহ সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।

ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের ইংলিশ চ্যাম্পিয়নশিপে গত শনিবার চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচে হামজা চোটে পড়েছেন। লেস্টারের সহ-অধিনায়ক হিসেবে মাঠে নেমে ম্যাচের আধ ঘণ্টার মাথায়ই চোট নিয়ে মাঠ ছাড়েন হামজা। হাঁটুতে আঘাত পাওয়ার পর স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে।

চোটের তীব্রতা যে গুরুতর, তা প্রথম দেখায়ই বোঝা যাচ্ছিল। পরে ম্যাচের শেষে লেস্টার সিটির অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ডি কিং বলেন, দ্রুত সময়ের মধ্যে তাঁকে পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। হামজার হাঁটুতে স্ক্যান করানোর কথাও জানান তিনি।

লেস্টার সিটি ভিত্তিক কিছু ওয়েবসাইটের প্রতিবেদন বলছে, কয়েকটি ওয়েবসাইটের প্রতিবেদনে জানা গেছে, এমসিএল নামের চোটে পড়েছেন হামজা। যে কারণে তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে ছয় থেকে আট সপ্তাহ। হামজা চোট থেকে দ্রুত সেরে উঠবেন বলে আশাবাদী বাফুফে।

যদি এমটাই হয়ে থাকে তাহলে মার্চে বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাঠে ফেরা নিয়েও শঙ্কা রয়েছে। বাংলাদেশের ম্যাচ আগামী ২৬ ও ৩১ মার্চ। ওই সময়ে ভিয়েতনামের সঙ্গে সম্ভাব্য প্রীতি ম্যাচ এবং সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে বাংলাদেশের।

এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়েছে আরও আগেই। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি কেবল নিয়মরক্ষার।