আচমকা এমন সিদ্ধান্ত আসবে তা অনেকেই হয়তো ভাবেননি। আজ সোমবার নিয়মিত বোর্ড মিটিং শেষে বার্সেলোনা ক্লাবের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন হোয়ান লাপোর্তা।
আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া ক্লাব নির্বাচনে অংশ নিতে বার্সেলোনার সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন লাপোর্তা। একই সঙ্গে বর্তমান পরিচালনা পর্ষদের আরও কয়েকজন সদস্যও পদত্যাগ করেছেন। নতুন প্যানেল নিয়ে নির্বাচনে দাঁড়ানোর লক্ষ্যে পদত্যাগ করেছেন সদস্যরা।
ক্লাবের গঠনতন্ত্রের ৪২(এফ) অনুচ্ছেদ অনুযায়ী, পরিচালনা পর্ষদের নির্বাচনে প্রার্থী হতে হলে বর্তমান পদ থেকে সরে দাঁড়ানো বাধ্যতামূলক। সেই বিধান অনুসারেই সোমবার অনুষ্ঠিত নিয়মিত বোর্ড সভায় লাপোর্তার পদত্যাগ আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। ওই সভাতেই নির্বাচনের তফসিলও প্রকাশ করা হয়।
লাপোর্তার সঙ্গে পদত্যাগ করেছেন ইনস্টিটিউশনাল বিভাগের সহসভাপতি আলেনিয়া ফোর্ত, সামাজিক বিভাগের সহসভাপতি রাফায়েল এসকুদেরো এবং বোর্ড সদস্য ফেরান অলিভার, ইয়োসেপ মারিয়া আলবের্ত, হাভিয়ের বারবানিই, মিকেল কাম্পোস, অরেলিও মাস, হাভিয়ের পুচ ও হোয়ান সোলের ই ফেরে।
বার্সেলোনার সভাপতির মেয়াদ ছিল আগামী ৩০ জুন পর্যন্ত। তবে পদত্যাগ কার্যকর হওয়ায় ৩০ জুন পর্যন্ত নতুন কাঠামোতে ক্লাবের পরিচালনা পর্ষদ দায়িত্ব পালন করবে। এই সময়ে রাফায়েল ইউস্তে সভাপতি হিসেবে দায়িত্বে থাকবেন।
নতুন পরিচালনা পর্ষদের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর নির্ধারিত কার্যসূচি অনুযায়ী বোর্ড সভার কার্যক্রম অব্যাহত থাকবে।