ইংল্যান্ডে টুখেলের চুক্তি নবায়ন

জুলাইয়েই চলে যাওয়ার কথা ছিল, ২০২৮ পর্যন্ত থাকার বন্দোবস্ত করলেন তিনি

২০২৫ সালে ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের কোচ গ্যারেথ সাউথগেটের স্থলাভিষিক্ত হন ৫২ বছর বয়সী থমাস টুখেল। শুরুতে ১৮ মাসের জন্য হ্যারি কেইনদের দায়িত্ব দেওয়া হয়েছিল টুখেলকে। এ বছর জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করার কথা এই জার্মানের। তবে আজ ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের হেড কোচ হিসেবে নতুন চুক্তি করেছেন তিনি।

এই বছরের জুলাইয়ে বিশ্বকাপ শেষেই দায়িত্ব ছাড়ছেন না টুখেল, নতুন চুক্তি অনুযায়ী ২০২৮ সাল পর্যন্ত ইংল্যান্ডের ডাগআউটে থাকছেন তিনি। আজ এক বিবৃতিতে ইউরো ২০২৮ পর্যন্ত ইংল্যান্ডের দায়িত্বে টুখেলের থাকার বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। 

এক বিবৃতিতে জার্মান কোচ টুখেল বলেন, ‘ইংল্যান্ডের সঙ্গে আমার সময় (চুক্তি) বাড়াতে পেরে আমি খুবই আনন্দিত ও গর্বিত। আমার খেলোয়াড় ও কোচদের সঙ্গে কাজ করার প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি—এটা কারও অজানা নয়। তাদেরকে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না।’ 

টুখেলের অধীনে ইংল্যান্ড দুর্দান্ত পারফরম্যান্স করেছে। রেকর্ড গড়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে থ্রি লায়ন্সরা। গ্রুপ কে-এর আটটি ম্যাচই জিতেছে ইংল্যান্ড, যার মধ্যে ২২টি গোল করেছে হ্যারি কেইনরা এবং একটি গোলও হজম করেনি দলটি।

প্রীতি ম্যাচে সেনেগালের কাছে হারই টুখেলের কোচিংয়ে খানিকটা শঙ্কা জাগিয়েছিল। তবুও এফএ চুক্তি বাড়াতে দ্বিতীয়বার ভাবেনি। টুখেলের সঙ্গে সহকারী কোচিং স্টাফ—অ্যান্থনি ব্যারি, হেনরিক হিলারিও, নিকো মায়ার এবং জেমস মেলবোর্ন—তাদের চুক্তিও ২০২৮ পর্যন্ত বাড়িয়েছে এফএ।