সৌদি আরবের ক্লাব আল নাসরের নারী দলে খেলছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাথলিন সৌজা। দলটির অধিনায়কও এই ব্রাজিলিয়ান। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দিয়েছেন ২৯ বছর বয়সী ক্যাথলিন।
বর্তমানে সৌদি আরবেই বসবাস করছেন সৌজা এবং জাতীয় ও আঞ্চলিক প্রতিযোগিতায় আল নাসরকে নেতৃত্ব দিচ্ছেন। ব্রাজিলের সাও পাওলো রাজ্যের সাও ভিসেন্টে জন্মগ্রহণ করা এই ফুটবলারের ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি নিশ্চিত করে একটি ভিডিও শেয়ার করেছে তার ক্লাব আল নাসর।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আল নাসরের শেয়ার করা সেই ভিডিওতে সৌজা বলেন, ‘আমি শুধু সঠিক পথ খুঁজে পেতে এবং নিজের সেরাটা বের করে আনতে চেয়েছি।’
ইসলাম ধর্ম গ্রহণের পর উমরাহ পালন করেছেন ক্যাথলিন। তিনি পবিত্র নগরী মক্কা সফর করেন এবং ওমরাহ পালন করার মুহূর্ত নিজের ইন্সটাগ্রামের শেয়ার করেছেন।
ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার দিয়ে এই ব্রাজিলিয়ান লিখেছেন, ‘সঠিক পথের সন্ধানের জন্য ছোট পদক্ষেপ, পরিবর্তনের খোঁজে, জীবনের এই উপহারের জন্য কৃতজ্ঞ।’
ক্যাথলিন সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেওয়ার আগে ইন্টার মিলানে খেলেছেন। ২০২৪ সালের আগস্টে তিনি সৌদি আরবের আল নাসর নারী দলে যোগ দেন।