এক সোমবার থেকে আরেক রোববার- মাঝের এই সময়টাতেই মুদ্রার দুই পিঠই দেখা হলো বার্সেলোনার। গত সোমবার রাতে লা লিগায় জিরোনার কাছে হারের পর রেয়াল মাদ্রিদের কাছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হাতছাড়া করে হানসি ফ্লিকের দল।
কিন্তু একদিন আগে ওসাসুনার কাছে মাদ্রিদ অপ্রত্যাশিতভাবে হেরে বসলে আবারও শীর্ষে ওঠার সুযোগ আসে বার্সার সামনে। আর সে সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছে কাতালান ক্লাবটি। গতকাল রোববার রাতে ঘরের মাঠ কাম্প ন্যুতে লেভান্তেকে ৩-০ ব্যবধানে হারিয়েছে বার্সা। তাতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে ফ্লিকের দল।
লিগের ২৫ ম্যাচ শেষে সবার ওপরে থাকা বার্সার পয়েন্ট ৬১। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে রেয়াল মাদ্রিদ। আর ১৮ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলে আছে লেভান্তে।
গতকাল লেভান্তেকে হারিয়ে অবশ্য নিজেদের একটা রেকর্ড অক্ষত রেখেছে বার্সা। লা লিগায় ঘরের মাঠে এ পর্যন্ত লেভান্তের সঙ্গে ১৬ বারের দেখায় ১৬ বারই জিতল কাতালান ক্লাবটি। লা লিগা ইতিহাসে আর কোনো ক্লাব নির্দিষ্ট কোনো ক্লাবের বিপক্ষে শতভাগ জয়ের ধারা বজায় রাখতে পারেনি।
একদিকে জয়ের শতভাগ রেকর্ড, সঙ্গে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান- উচ্ছ্বসিত হওয়ার মতো যথেষ্ট কারণ ছিল বার্সার। কিন্তু দলটির কোচ ফ্লিক খুব বেশি আবেগে ভেসে যেতে চাইলেন না। ম্যাচ শেষে বার্সা কোচ বলেছেন, ‘আমরা সুযোগটা কাজে লাগিয়ে আবার শীর্ষে ফিরেছি ঠিকই। কিন্তু এখনও অনেকটা পথ বাকি। (ম্যাচে) সবকিছু নিখুঁত ছিল না, নিয়ন্ত্রণে নিতে কিছু সময় লেগেছে।’
বার্সা অবশ্য ম্যাচের শুরুতেই গোল পেয়েছে। এরিক গার্সিয়ার পাসে ৪ মিনিটের মধ্যেই বার্সাকে এগিয়ে দেন তরুণ মিডফিল্ডার মার্ক বেরনাল। গত এক বছরে সব ধরনের প্রতিযোগিতায় এটাই বার্সার দ্রুততম গোল।
৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফ্রেঙ্কি ডি ইয়ং। গত বছরের জানুয়ারির পর এই প্রথম বার্সার জার্সিতে গোলের দেখা পেলেন ডাচ মিডফিল্ডার। আর নির্ধারিত সময়ের ৯ মিনিট আগে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক জোরালো শটে স্কোরলাইন ৩-০ করেন ফেরমিন লোপেস।