মধ্যপ্রাচ্যে শুরু হওয়া নতুন যুদ্ধাবস্থার প্রভাব পড়েছে সৌদি আরবেও। দেশটির রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার পর গুঞ্জন ছড়িয়ে পড়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে। আল নাসরে খেলা পর্তুগিজ মহাতারকা স্ত্রী ও সন্তানদের নিয়ে ব্যক্তিগত বিলাসবহুল বিমানে চেপে মাদ্রিদের উদ্দেশ্যে সৌদি ছেড়েছেন- গুঞ্জনটা ছিল এমনই। ফ্লাইট ট্রাকিং তথ্যও সেই গুঞ্জনকে উসকে দিচ্ছিল।
এমন গুঞ্জনের বিপরীতে খবর ছড়ায়- বিমানের গতিবিধি মানেই দেশত্যাগ বা চুক্তিভঙ্গ নয়। এ নিয়ে বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হয়, রোনালদোর সৌদি ছাড়ার খবর অতিরঞ্জিত। বরং নাসরের হয়ে সর্বশেষ ম্যাচে চোটে পড়া রোনালদো এখন আল নাসরের অনুশীলন গ্রাউন্ডেই চিকিৎসা নিচ্ছেন বলে জানানো হয় সেসব প্রতিবেদেনে।
পরস্পরবিরোধী এমনসব গুঞ্জন কিংবা সংবাদ প্রতিবেদনের মধ্যে বিষয়টি স্পষ্ট করেছে আল নাসর কর্তৃপক্ষ। সৌদি প্রো লিগের ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, মাংসপেশির চোটে পড়েছেন পর্তুগিজ মহাতারকা। তবে পুনর্বাসনে থাকা রোনালদো ঠিক কবে ফিরবেন, সে ব্যাপারে স্পষ্ট কিছু জানায়নি নাসর।
গতকাল মঙ্গলবার ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে নাসর উল্লেখ করেছে, ‘আল ফাইহার বিপক্ষে সর্বশেষ ম্যাচের পর ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন। তিনি পুনর্বাসন শুরু করেছেন এবং প্রতিদিন তাঁর অবস্থার মূল্যায়ন করা হবে।’
রোনালদোর চোটে পড়ার ম্যাচটা ছিল গত ২৮ ফেব্রুয়ারি। আল ফাইহার বিপক্ষে ম্যাচের ১২ মিনিটে একটি পেনাল্টিও মিস করেছেন রোনালদো। ম্যাচের শেষ দিকে অস্বস্তি নিয়ে বদলি হওয়ার ইঙ্গিত দেন তিনি। রোনালদোর সংকেত পেয়ে তাঁকে ৮১ মিনিটে তুলে নেন কোচ। তখনই ধারণা করা গিয়েছিল, চোটে পড়েছেন রোনালদো।
ওই ম্যাচের পর আল নাসরের কোচ জর্জ জেসুস রোনালদোর গুরুর চোটের শঙ্কা উড়িয়ে দিয়ে বলেছিলেন, ‘ও মাংসপেশির ক্লান্তি অনুভব করেছিল। আমরা ২-১ এগিয়ে যাওয়ার পর আমি ঝুঁকি নিতে চাইনি, তাই ওকে বদলি করেছি। মেডিক্যাল বিভাগ তার অবস্থা মূল্যায়ন করবে, তবে ও যেমনটা অনুভব করেছে, সেটা শুধু পেশির ক্লান্তি।’
জেসুস সেটাকে পেশির ক্লান্তি হিসেবে উল্লেখ করলেও আল নাসর আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল, রোনালদো চোটে পড়েছেন এবং বর্তমানে পুনর্বাসনে আছেন। তবে রোনালদো ঠিক কোথায় থেকে পুনর্বাসন চালিয়ে যাচ্ছেন, সেটা নিশ্চিত করেনি কোনো পক্ষ।
রোনালদোর চোটে পড়ার ওই ম্যাচে ৩-১ ব্যবধানে জেতে নাসর। এরপরও মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে রোনালদোর চোট আল নাসরের জন্য যে বড় ধাক্কা, সেটা না বললেও চলে। প্রো লিগের ২৪ রাউন্ড শেষে ৬১ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে নাসর। সমান ম্যাচে দুইয়ে থাকা আল আহলির পয়েন্ট ৫৯। আর তিনে থাকা আল হিলালের পয়েন্ট ৫৮।