মধ্যপ্রাচ্যে শুরু হওয়া সাম্প্রতিক সংকটে একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার পর সৌদি আরব ছেড়ে স্পেনে ‘পালিয়েছেন’ ক্রিস্টিয়ানো রোনালদো। তবে সে সময় গুঞ্জন বেশি বাড়তে দেয়নি আল নাসর। প্রো লিগের ক্লাবটি এক বিবৃতিতে জানায়, রোনালদো চোটে পড়েছেন। সে চোট কাটাতে পুনর্বাসনে থাকা রোনালদো সৌদি আরবেই আছেন।
এবার নতুন খবর দিয়েছেন আল নাসর কোচ জর্জ জেসুস। তিনি জানিয়েছেন, সৌদি ছেড়ে মাদ্রিদে যাচ্ছেন রোনালদো। তবে স্পেনে একেবারে যাচ্ছেন না পর্তুগিজ মহাতারকা। রোনালদোর চোট ধারণার চেয়েও বেশি গুরুতর হওয়ায় চিকিৎসার জন্য মাদ্রিদে যাচ্ছেন পর্তুগিজ অধিনায়ক- এমনটাই জানিয়েছেন আল নাসর কোচ।
রোনালদো চোটে পড়েন মূলত গত সপ্তাহে আল ফাইহার বিপক্ষে ম্যাচে। ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচটাতে শেষ দিকে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন রোনালদো। সে সময় জর্জ জেসুস জানিয়েছিলেন, অস্বস্তি থাকায় রোনালদোকে নিয়ে কোনো ঝুঁকি নেননি তিনি। পরে আল নাসর এক বিবৃতিতে জানায়, মাংসপেশির চোটে পড়েছেন রোনালদো।
এদিকে আজ রাতে প্রো লিগের ম্যাচে নিওমের বিপক্ষে মাঠে নামছে নাসর। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নাসর কোচ জেসুস বলেছেন, ‘গত ম্যাচে ক্রিস্টিয়ানো পেশির চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন। পরীক্ষা-নিরীক্ষার পর এটা স্পষ্ট হয়েছে যে, চোটটি আমাদের ধারণার চেয়েও বেশি গুরুতর।’
চোট কাটিয়ে পুরোপুরি ফিট হতে কতদিন লাগতে পারে, সেটা নিশ্চিত বলতে পারেননি নাসর কোচ। তবে জেসুস জানিয়েছেন, চিকিৎসার জন্য স্পেনে যেতে হচ্ছে রোনালদোকে। এ প্রসঙ্গে জেসুস বলেছেন, ‘ওর বিশ্রাম এবং সুস্থ হওয়ার জন্য সময়ের প্রয়োজন। চিকিৎসার জন্য ক্রিস্টিয়ানো স্পেনে যাবেন, যেমনটা আমাদের চোটাক্রান্ত অন্যান্য খেলোয়াড়রাও গিয়ে থাকেন।’
নাসর কোচ যোগ করেন, ‘ওকে ওর ব্যক্তিগত ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে চিকিৎসা নিতে হবে। আশা করছি দলকে সাহায্য করার জন্য ও দ্রুতই ফিরবে।’