স্পেনে খেলতে রাজি নয় আর্জেন্টিনা, স্থগিত হতে পারে ফিনালিসিমা

মধ্যপ্রাচ্য সংকটে স্পেন ও আর্জেন্টিনার ফিনালিসিমা নিয়ে তৈরি হওয়া অচলাবস্থা যেন কাটছেই না। বরং পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করছে। আগামী ২৭ মার্চ ম্যাচটি কাতারের দোহায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বহুল আকাঙ্ক্ষিত ম্যাচটার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে। 

সমস্যার সমাধানে গতকাল বৃহস্পতিবার জরুরি আলোচনায় বসেছিল ইউরোপ ও লাতিন আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ও কনমেবল। কিন্তু সেই আলোচনায় সমাধান তো মেলেইনি, বরং ম্যাচটা স্থগিত হওয়ার শঙ্কা জেগেছে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তের প্রতিবেদন অনুযায়ী, উয়েফা প্রস্তাব দিয়েছিল, ম্যাচটি সরিয়ে রেয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে আয়োজন করতে। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

বিষয়টি উঠে এসেছে স্প্যানিশ সংবাদমাধ্যম ফুতবল এস্পানার প্রতিবেদনেও। সেখানে দাবি করা হয়েছে, বের্নাবেউয়ে ম্যাচটি আয়োজনের ব্যাপারে কনমেবল ও উয়েফা সম্মত হলেও বাধ সাধে এএফএ। স্পেনে ম্যাচটি আয়োজনের ব্যাপারে আপত্তি জানিয়ে আর্জেন্টিনার সংবাদমাধ্যম কাদেনা এসইআরকে এএফএ সভাপতি ক্লাদিও তাপিয়া বলেছেন, ‘আমি চাই ম্যাচটা স্তাদিও মনুমেন্তালে হোক।’

স্তাদিও মনুমেন্তাল আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেতের ঘরের মাঠ। আর এটি বুয়েনস আইরেসে অবস্থিত। এএফএ সভাপতির এমন দাবির পেছনের কারণ হচ্ছে, তিনি চান না, ফিনালিসিমায় স্পেন ঘরের মাঠের সুবিধা পাক। এ প্রসঙ্গে তাপিয়া বলেছেন, ‘স্পেন চায় ফিনালিসিমা স্পেনে হোক, আর আমি চাই এটা মনুমেন্তালে হোক।’

এএফএ সভাপতির এমন অবস্থানের কারণে গতকাল বৃহস্পতিবারের আলোচনায় ফিনালিসিমা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি উয়েফা ও কনমেবল। এ অবস্থায় ফিনালিসিমার ভবিষ্যৎ নিয়ে তিনটি বিকল্পের কথা উল্লেখ করেছে ফুতবল এস্পানা ও মুন্দো আলবিসেলেস্তে। আর সে তিনটি বিকল্প নিয়ে উয়েফা, কনমেবলের পাশাপাশি এএফএ এবং আরএফইএফের (স্প্যানিশ ফুটবল ফেডারেশন) মধ্য আলোচনা চলছে।

সে তিনটি বিকল্প হলো,

  • আর্জেন্টিনা রাজি হলে ম্যাচটি সান্তিয়াগো বের্নাবেউয়ে আয়োজন।
  • আলোচনার মাধ্যমে অন্য কোনো শহরে/ ভেন্যুতে আয়োজন।
  • ম্যাচটি স্থগিত করা।

সংবাদমাধ্যম দুটি উল্লেখ করেছে, মাঝে লন্ডনের নাম উঠলেও এই মুহূর্তে বিকল্প ভেন্যু হিসেবে আলোচনায় এগিয়ে পর্তুগালের লিসবন ও ইতালির রোম। কিন্তু ম্যাচের নির্ধারিত সূচির আগে এত অল্প সময়ে স্টেডিয়াম খালি পাওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ। সার্বিক পরিস্থিতি বিবেচনায়, ম্যাচটি তাই স্থগিত হওয়ার সম্ভাবনাই বেশি বলে উল্লেখ করেছে ফুতবল এস্পানা।