ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের

বিশ্বকাপ থেকে আয়োজক আমেরিকাকেই বাদ দেওয়া উচিত

ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে একের পর নতুন তথ্য সামনে আসছে। গতকাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে বিশ্বকাপে “স্বাগত” জানাবে তার দেশ, তবে তাদের আসা উপযুক্ত হবে না এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন। একদিক দিয়ে তিনি ইরানকে বিশ্বকাপ খেলতেই বারণ করলেন, অন্যদিকে স্বাগতও জানালেন। 

ট্রাম্পের এমন মন্তব্যর কঠিন জবাব দিয়েছে ইরান। জবাবে ইরানের দল জানিয়েছে, আয়োজক নামের যুক্তরাষ্ট্র দেশটাকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়া উচিত।

ইরান জাতীয় ফুটবল দলের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বকাপ থেকে ইরানকে কেউই বাদ দিতে পারবে না।

সামাজিক মাধ্যমে দেওয়া সেই বিবৃতিতে ইরান জাতীয় ফুটবল দল বলেছে, ‘নিশ্চয়ই কেউ ইরানের জাতীয় দলকে বিশ্বকাপ থেকে বাদ দিতে পারে না। একমাত্র যে দেশকে বাদ দেওয়া যেতে পারে, সেটি হলো এমন একটি দেশ যা শুধু ‘আয়োজক’ হওয়ার নাম বহন করে কিন্তু এই বৈশ্বিক ইভেন্টে অংশ নেওয়া দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষমতা নেই।’ 

এর আগে গতকাল  ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে লিখেছিলেন, ‘ইরানের জাতীয় ফুটবল দল বিশ্বকাপে স্বাগত, কিন্তু আমি সত্যিই মনে করি না যে তাদের নিজেদের জীবন ও নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের এখানে আসা উপযুক্ত হবে।’

ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ফিফা কোনো মন্তব্য করেনি। আগামী জুনের হতে যাওয়া এই বিশ্বকাপ প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজিত হবে। তবে ইরান শেষ মুহূর্তে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে সম্ভাব্য বিকল্প দেশ হতে পারে ইরাক ও সংযুক্ত আরব আমিরাত।