লিগ শিরোপা নিয়ে গার্দিওলা

আজকে না পারলে সব আশা ছেড়ে দেবে দলটি

প্রিমিয়ার লিগে এই মুহূর্তে পয়েন্ট টেবিলে সবার ওপরে আর্সেনাল (৩০ ম্যাচে ৬৭ পয়েন্ট)। ৭ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। তবে পেপ গার্দিওলার দল একটা ম্যাচ কম খেলেছে। হাতে থাকা ওই ম্যাচে আজ শনিবার রাতে ওয়েস্ট হ্যামের মাঠে আতিথ্য নেবে সিটি। এই ম্যাচ জিততে পারলে পয়েন্ট ব্যবধান কমিয়ে ৪- এ নিয়ে যাবে গার্দিওলার শিষ্যরা।

তবে ম্যাচটা যদি সিটি জিততে না পারে? গাদিওলা জানিয়েছেন, এই ম্যাচে পয়েন্ট হারালেই লিগ শিরোপার আশা কার্যত শেষ হয়ে যাবে সিটির!

এ প্রসঙ্গে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেছেন, ‘আগামীকাল (শনিবার) রাতে আমাদের একটা ম্যাচ আছে। প্রিমিয়ার লিগের দৌড়ে টিকে থাকতে ওই ম্যাচটা ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর (চ্যাম্পিয়নস লিগের) দ্বিতীয় লেগ।’

গত সপ্তাহে সান্তিয়াগো বের্নাবেউয়ে গিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ৩-০ ব্যবধানে হেরেছে সিটি। আগামী মঙ্গলবার ঘরের মাঠে ফিরতি লেগে অবিশ্বাস্য কিছু না করতে পারলে বিদায় ঘটবে আর্লিং হলান্ড-ফিল ফোডেনদের। তবে আপাতত আজকের প্রিমিয়ার লিগের ম্যাচটা ম্যাচটা নিয়েই বেশি চিন্তিত গার্দিওলা।

এ প্রসঙ্গে সিটি কোচ বলেছেন, ‘আমরা তো এ ধরনের পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত। বহু বছর ধরেই এমন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। এখন আমাদের সামনে ওয়েস্ট হ্যাম। এরপরই আমরা আবার সেটা (রেয়াল মাদ্রিদের বিপক্ষে ফিরতি লেগ) নিয়ে ভাবার সময় পাব। আগে যে ম্যাচটা খেলতে হবে সেটা খেলি। তারপর ম্যাচই বলে দেবে, সুযোগ আছে কি না।’

ওয়েস্ট ম্যাচটা নিয়ে গার্দিওলা আরও বলেছেন, ‘এখন আমাদের লক্ষ্য ওয়েস্ট হ্যাম। প্রিমিয়ার লিগই সবচেয়ে কঠিন শিরোপা। আমরা এখনও লড়াইয়ে আছি, তবে জানি— এরপর পয়েন্ট হারালে সব শেষ।’

ওয়েস্ট হ্যামের ঘরের মাঠে পূর্ণাঙ্গ তিন পয়েন্ট নিয়ে ফেরা যে সহজ হবে না, সেটাও জানেন গার্দিওলা। এ প্রসঙ্গে সিটি কোচ বলেছেন, ‘আমি সব সময় বলি, (লিগের) শেষ ১০ ম্যাচে এসে প্রতিটি দলই কোনো না কোনো কিছুর জন্য খেলতে থাকে— কেউ অবনমন এড়াতে, কেউ ইউরোপা লিগের জন্য, কেউ কনফারেন্স লিগের জন্য, কেউ চ্যাম্পিয়নস লিগের জন্য, আবার কেউ শিরোপার জন্য। এটা স্বাভাবিক। এখন আর (জয় ভিন্ন) বিকল্প কোনো সুযোগ নেই।’