ফিনালিসিমা বাতিল

আর্জেন্টিনার পরিকল্পনা ভন্ডুল, মেসি ভীষণ হতাশ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে ফিনালিসিমা কাতার আয়োজন করছে না তা আগেই জানা ছিল। তবে নিরপেক্ষ ভেন্যুতেও শেষ পর্যন্ত এটি হচ্ছে না। ফলে চলতি মাসের শেষ দিকে হওয়ার কথা আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ ম্যাচটি বাতিল হয়ে গেল। গতকাল এক বিবৃতিতে এই সিদ্ধান্ত নিশ্চিত করেছে উয়েফা। 

তবে ফিনালিসিমার হাইভোল্টেজ ম্যাচ বাতিল হওয়ায় হতাশ আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ইএসপিএন তাদের এক প্রতিবেদনে, সূত্রের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্রের দাবি, মেসি ম্যাচটিকে বিশ্বকাপের আগে একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক সুযোগ হিসেবে দেখেছিলেন। তবে আর্জেন্টাইন তারকা ম্যাচ বাতিলের পেছনের আলোচনায় কোনোভাবে যুক্ত ছিলেন না।

ফিনালিসিমা ম্যাচটি আর্জেন্টিনা (কোপা আমেরিকা ২০২৪ জয়ী) এবং স্পেনের (ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন) মধ্যে কাতারে ২৭ মার্চ খেলার জন্য নির্ধারিত ছিল। তবে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও যুদ্ধ অবস্থার কারণে এটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

উয়েফা রোববার এক ঘোষণায় জানিয়েছে, ‘উয়েফা এবং কাতারের আয়োজক কর্তৃপক্ষের মধ্যে দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে আশানুযায়ী কাতারে ফিনালিসিমা খেলা সম্ভব নয়। উয়েফা অন্যান্য সম্ভাব্য বিকল্পগুলো যাচাই করেছে, কিন্তু প্রতিটি বিকল্প আর্জেন্টিনা ফুটবল সংস্থার কাছে গ্রহণযোগ্য হয়নি।’

এভাবে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে দায়ী করায় উল্টো বিবৃতিতে দিয়েছে কনমেবল। লাতিন আমেরিকার এই ফুটবল সংস্থা বিবৃতিতে বলেছে, ‘ম্যাচের তারিখ ছাড়া অন্যান্য বিষয়ে আর্জেন্টিনা ফুটবল সংস্থা কোনো আপত্তি দেখায়নি এবং ৩১ মার্চ নতুন তারিখ প্রস্তাব দেওয়া হয়। তবে দুর্ভাগ্যবশত, উয়েফা জানিয়েছে যে ৩১ তারিখে ম্যাচ আয়োজন সম্ভব নয়—যা মূল প্রস্তাবের(সূচি) মাত্র চার দিন পর। এজন্য ফিনালিসিমা বাতিল করা হয়েছে।’