ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে ধোঁয়াশা কাটছেই না। কদিন আগে ইরানের ফুটবল ফেডারেশন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছিল, তাদের বিশ্বকাপে খেলা কেউ আটকাতে পারবে না। ঠিক এর কদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরান দলের নিরাপত্তার কথা ভেবে তাদের সেখানে না যাওয়াই উপযুক্ত হবে।
এমন পরিস্থিতিতে ফিফা আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও ইরানের ফুটবল ফেডারেশন নতুন দাবি জানিয়েছে। ২০২৬ বিশ্বকাপে ইরান তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের পরিবর্তে সহ-আয়োজক মেক্সিকোতে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে। এই ব্যাপারে ফিফার সঙ্গে আলোচনা করছে ইরান।
ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ মেক্সিকোতে ইরানের ম্যাচ সরিয়ে নেওয়ার কারণ হিসেবে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকেই ঢাল বানিয়েছেন।
‘যখন ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে তিনি ইরানের জাতীয় দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না, তখন আমরা অবশ্যই আমেরিকায় ভ্রমণ করব না। আমরা ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো মেক্সিকোতে আয়োজন করার জন্য ফিফার সঙ্গে আলোচনা করছি।’-মেক্সিকোতে ইরানের দূতাবাসের এক্স অ্যাকাউন্টে থেকে তাজের এই বক্তব্য পোস্ট করা হয়েছে।
গত সপ্তাহে ইরানের ক্রীড়ামন্ত্রী বলেন, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটিতে বিমান হামলা চালানোর পর তাদের খেলোয়াড়রা ফুটবলের এই বৈশ্বিক আসরে অংশ নিতে পারবে না। ওই হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এবং আরও কয়েকজন রাজনৈতিক ও সামরিক নেতা নিহত হন।
৪৮ দলের প্রথমবার আয়োজিত হতে যাওয়া এই বিশ্বকাপ নিয়ে ফিফার একমাত্র চিন্তার ভাঁজ ইরানের অংশগ্রহণ নিয়ে। যদিও আলোচনা চলছে ইরান বিশ্বকাপ বয়কট করলে ইরাক অথবা সংযুক্ত আরব আমিরাতের ভাগ্য খুলতে পারে।
আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। ইরানের তিনটি গ্রুপ পর্বের ম্যাচই যুক্তরাষ্ট্রে হওয়ার কথা, যার দুটি গ্রুপ ম্যাচ লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে খেলার কথা রয়েছে।