রেয়াল মাদ্রিদেই বারবার, গার্দিওলার সিটি ছারখার

চলমান চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগেই কোয়ার্টারের টিকিট প্রায় নিশ্চিত করেছিল রেয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে ম্যানচেস্টার সিটিকে বিধ্বস্ত করেছিল ৩-০ ব্যবধানে। সেখান থেকে ঘুরে দাঁড়াতে দ্বিতীয় লেগে অবিশ্বাস্য কিছু করতে হতো প্রিমিয়ার লিগের দলটিকে। পেপ গার্দিওলার ভাষায়, ‘মিরাকলের’ আশায় ছিলেন তিনি।

কিন্তু ইত্তিহাদে মিরাকল ঘটাতে পারেননি আর্লিং হলান্ডরা। গতকাল মঙ্গলবার রাতে ফিরতি লেগের ম্যাচে ভিনিসিয়ুসের জোড়া গোলে উল্টো ২-১ ব্যবধানে হেরেছে সিটি। তাতে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে জিতে শেষ আটে উঠেছে আলভারো আরবেলোয়ার শিষ্যরা। আর চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে টানা তিনবার মাদ্রিদের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল সিটি।

গতকালের ম্যাচটা যতই সিটির মাঠে হোক, প্রথম লেগের বড় জয়ের পর মাদ্রিদ যেমন এমনিতেই এগিয়ে ছিল, তেমনি পরিসংখ্যানও পক্ষেই ছিল স্প্যানিশ জায়ান্টদের। ইউরোপের শীর্ষ স্তরের এ প্রতিযোগিতায় দুই গেলের নকআউটে প্রথম লেগে অন্তত ৩ গোলের ব্যবধানে জেতা ৩৬ বারের মধ্যে ৩৫ বারই পরের রাউন্ডে উঠেছে মাদ্রিদ।

ব্যর্থ হওয়া সংখ্যাটা এক থেকে বাড়াতে যেটা করতে হতো, সেটা করতে পারেনি গার্দিওলার শিষ্যরা। সিটিকে আরও পিছিয়ে দিয়েছে ম্যাচের ২০ মিনিটেই বের্নার্দো সিলভার লালকার্ড। ১০ জনে পরিণত হয়েও চেষ্টা কম চালায়নি সিটি। মাদ্রিদের গোলমুখে ২২টি শট নিয়েছেন হলান্ড-চেরকি-ডকুরা। এর মধ্যে জালে জড়িয়েছে মোটে একটি।

ম্যাচের ৪১ মিনিটে ওই গোলটা করেন হলান্ড। অবশ্য তার আগেই ভিনিসিয়ুসের গোলে এগিয়ে ছিল মাদ্রিদ। তাতে ১-১ সমতায় বিরতিতে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ালেও কাজ হয়নি। সিটি অবশ্য আরও দুবার জালে বল জড়িয়েছিল, কিন্তু দুবারই অফসাইডের কারণে গোলের বৈধতা মেলেনি। আর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে মাদ্রিদের হয়ে দ্বিতীয় গোলটি করেন ভিনিসিয়ুস।

এটি চ্যাম্পিয়নস লিগের নকআউটে ভিনিসিয়ুসের ১৫তম গোল। লিওনেল মেসির (৪৯) পর ইউরোপের বাইরের ফুটবলারদের মধ্যে নকআউটে এটি সর্বোচ্চ গোলের যৌথ রেকর্ড (সাদিও মানেও ১৫টি)।

একটা কীর্তি যোগ হয়েছে আরবেলোয়ার নামের পাশে। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে মাদ্রিদের প্রথম কোচ হিসেবে নকআউটে নিজের প্রথম চার ম্যাচেই দলকে জেতালেন আরবেলোয়া। 

দুই লেগেই জিতে কোয়ার্টার ফাইনালে, সেখানে মাদ্রিদের সম্ভাব্য প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। জার্মান ক্লাবটি শেষ ষোলোর প্রথম লেগে আতালান্তাকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে। আজ ফিরতি লেগের ম্যাচে অবিশ্বাস্য কিছু না ঘটলে সেমিতে ওঠার লড়াইয়ে বায়ার্নকেই পেতে যাচ্ছে মাদ্রিদ।