বিশ্বজুড়ে ফুটবল লিগগুলোর মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগকে বলা হয় প্রতিদ্বন্দ্বিতার দিক থেকে সেরা। তবে ইউরোপে পোল্যান্ডের শীর্ষস্তরে এই মৌসুমে যা হচ্ছে, তা প্রতিদ্বন্দ্বিতার সব মাত্রাই যেন ছাড়িয়ে যাচ্ছে! পোল্যান্ডের শীর্ষ ফুটবল লিগ এক্সত্রাক্লাসাতে বর্তমানে পয়েন্ট টেবিলের এমনই অবস্থা যে, ১৮ দলের মধ্যে ১৭ দলই এখনো গাণিতিকভাবে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রয়েছে।
সাধারণত জুলাই মাসে শুরু হয় এক্সত্রাক্লাসা। এবারের লিগও তা-ই। ৯ মাস পেরোনোর পর এখন পর্যন্ত ২৫টি করে ম্যাচ খেলেছে প্রতিটি দল। আরও ৯টি করে ম্যাচ বাকি। অথচ লিগের এই অবস্থায় এসেও পয়েন্ট তালিকায় প্রথম ও ১৭তম দলের মধ্যে পয়েন্টের ব্যবধান মাত্র ১৩! ফলে গাণিতিক হিসেবে অবনমন অঞ্চলে থাকা দলও চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে আছে।
বর্তমানে লিগের শীর্ষে সমান ৪১ পয়েন্ট নিয়ে রয়েছে তিনটি দল। গোলের ব্যবধানে প্রথম স্থানে আছে জাগলেনবায়ে, দ্বিতীয় ইয়াগিয়েলোনিয়া ও তৃতীয় স্থানে লেখ পসনানি। তাদের ঠিক নিচেই থাকা দলগুলোর সঙ্গেও ব্যবধান খুবই কম। ১২তম স্থানে থাকা দলটির সঙ্গে শীর্ষ দলের পয়েন্টের ব্যবধান ৮।
পোল্যান্ডের এই লিগের শীর্ষ দুই দল চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে খেলবে, আর তৃতীয় ও চতুর্থ স্থান পাওয়া দলগুলো কনফারেনস লিগের প্রাথমিক পর্বে অংশ নেবে। সবার নিচে থাকা তিন দল হবে অবনমিত।