মেসিদের প্রতিপক্ষ বদল, নতুন দুই ম্যাচের সূচি জানাল আর্জেন্টিনা 

চলতি মাসে গুয়াতেমালার বিপক্ষে বুয়েনস আইরেসে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। তবে আগামী ৩১ মার্চের সেই ম্যাচটি আর হচ্ছে না। গুয়াতেমালার বিপক্ষে ম্যাচ বাতিল করে নতুন দুই ম্যাচের সূচি প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন(এএফএ)।  

চলতি মাসেই প্রীতি ম্যাচে মৌরিতানিয়া ও জাম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। গতকাল এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে এএফএ। 

আচমকা কেন গুয়াতেমালার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ স্থগিত হয়েছে? 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইতালিতে ২৭ মার্চ আলজেরিয়ার বিপক্ষে গুয়াতেমালার প্রীতি ম্যাচ আছে। সেই ম্যাচ খেলে আর্জেন্টিনায় এসে মেসিদের বিপক্ষে ৩১ মার্চ মাঠে নামার কথা গুয়াতেমালার। কিন্তু এই প্রীতি ম্যাচটি ফিফার অনুমোদন পায়নি। তাই এটি বাতিল করেছে এএফএ। 

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এই ঘটনার ব্যাখ্যায় জানিয়েছে, একই ফিফা উইন্ডোতে দুটি আলাদা মহাদেশে ম্যাচ খেলার নিয়ম না থাকায় গুয়াতেমালার বিপক্ষে ম্যাচটিকে ফিফা অনুমোদন দেয়নি।

নতুন ঘোষিত সূচি অনুযায়ী ২৭ মার্চ বুয়েনস আইরেসে বোকা জুনিয়র্সের মাঠ লা বোমবোনেরা স্টেডিয়ামে মৌরিতানিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ৩১ মার্চ একই ভেন্যুতে দ্বিতীয় প্রীতি ম্যাচে মেসিদের প্রতিপক্ষ জাম্বিয়া।

আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে মেসিদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। গ্রুপ পর্বে আর্জেন্টিনার অন্য প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।