ইতালির ১২ বছরের অপেক্ষা শেষ হলো, বিশ্বকাপের কষ্টও দূর হবে?

২০১৪ সালের পর থেকে আর বিশ্বকাপের মঞ্চে দেখা যায়নি ইতালিকে। বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন দলটি টানা তৃতীয় বিশ্বকাপ না খেলার লজ্জার রেকর্ডের দ্বারপ্রান্তে ছিল। তবে গতকাল বিশ্বকাপ প্লে-অফের ম্যাচে নর্দান আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে নিজেদের বিশ্বকাপ খেলার শেষ আশা টিকিয়ে রেখেছে আজ্জুরিরা। 

ঘরের মাঠে বিশ্বকাপের প্লে অফের সেমিফাইনালে ইতালি প্রথমার্ধে সমর্থকদের স্নায়ুচাপ কেবল বাড়িয়েছে। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই সেই চাপ দূর করেন নিউক্যাসল ইউনাইটেডের তারকা মিডফিল্ডার সান্দ্রো তোনালি। 

ম্যাচের ৫৬তম মিনিটে পলিতানো ডি বক্সে বল বাড়ালে নর্দান আয়ারল্যান্ডের ইসহাক প্রাইস হেড দিয়ে বল ডি বক্সের বাইরে দূর করার চেষ্টা করেন। তবে তখনই ডি বক্সের বাইরে হাফ ভলি বল পেয়ে সরাসরি দূরপাল্লার এক জোরালো শট নেন সান্দ্রো তোনালি। সঙ্গে সঙ্গে বল জালে জড়ালে পুরো বার্গামো স্টেডিয়াম উল্লাসে মেতে উঠে। 

প্রথম গোলের পর আরও আক্রমণাত্মক হয়ে পড়ে স্বাগতিকরা। ৮০তম মিনিটে ময়সে কিনের গোলে ইতালির প্লে অফের ফাইনাল নিশ্চিত হয়ে যায়। ২-০ গোলের জয়ে বিশ্বকাপ থেকে এক ম্যাচ দূরত্বে নিজেদের নিয়ে গেছে আজ্জুরিরা। 

প্লে অফের ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনাকে পেয়েছে ইতালি। ওয়েলসকে পেনাল্টি শুটআউটে ৪-২ গোলে হারিয়ে প্লে অফ ফাইনাল নিশ্চিত করেছে ২০১৪ সালে সর্বশেষ বিশ্বকাপ খেলা বসনিয়া ও হার্জেগোভিনা। 

কাকতালীয়ভাবে ইতালির মতো বসনিয়াও সেই এক যুগ আগেই বিশ্বকাপে খেলেছিল। এবার দুই দলের সামনেই এক যুগের অপেক্ষার অবসানের হাতছানি। আগামী ১ এপ্রিল বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে ইতালি-বসনিয়ার ম্যাচে মাঠে গড়াবে। 

অন্যদিকে বিশ্বকাপের প্লে অফের ফাইনালের বাকি তিন ম্যাচে লড়বে সুইডেন বনাম পোল্যান্ড, তুরস্ক-কসোভো এবং ডেনমার্ক-চেকিয়া। সব ম্যাচই ১ এপ্রিল রাতে অনুষ্ঠিত হবে। যেখান থেকে বিশ্বকাপের টিকিট পাবে ৪ দল।