বিশ্বকাপ দলে জায়গা পাবেন কিনা তারই নিশ্চয়তা নেই। সান্তোসের হয়ে খেলে নিজের ফিটনেস ও সক্ষমতা প্রমাণে মরিয়া নেইমার জুনিয়র এবার আপত্তিকর এক মন্তব্য করে সমালোচনার ঝড় তুলেছেন। পুরো ব্রাজিল জুড়ে নেইমারের বিরুদ্ধে এখন সমালোচনা চলছে।
গতকাল রেমোর বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে নেইমারের দল সান্তোস। সেই ম্যাচে নারী রেফারির উদ্দেশ্যে যৌন বৈষম্যমূলক এক মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান এই তারকা। নেইমারের সেই মন্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
ম্যাচ শেষে কানাল প্রিমিয়ারের (সম্প্রচারকারী চ্যানেল) সঙ্গে কথা বলতে গিয়ে নারী রেফারি সম্পর্কে নেইমার বলেন, ‘উনি মনে হয় চিকু (ব্রাজিলিয়ান শব্দ, যা নারীদের একটি স্বাভাবিক প্রক্রিয়ার সময়কালকে কটাক্ষ করা বোঝায়) হয়ে ঘুম থেকে উঠেছেন এবং সেই অবস্থাতেই খেলতে(মাঠে) এসেছেন।’
মূল ঘটনার সূত্রপাত ম্যাচের ৮৬তম মিনিটে। প্রতিপক্ষ রেমোর খেলোয়াড় দিয়েগো হার্নান্দেজের ট্যাকেলে নেইমার মাটিতে পড়ে যান। সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাতে গিয়ে নেইমার সেই খেলোয়াড়কে ধাক্কা দেওয়ার চেষ্টা করেন। সেই সময় দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। রেফারি নেইমারকে হলুদ কার্ড দেখান।
তবে সেই হলুদ কার্ড মেনে নিতে পারেননি নেইমার। রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ নেইমার সঙ্গে সঙ্গে তার ব্যাখ্যা চান এবং সেই সময় খেলোয়াড়দের জটলার মধ্যে থাকা সহকারী নারী রেফারির(সাইডলাইনে থাকা) সঙ্গে নিজের কার্ডের ব্যাখ্যা নিয়েও কথোপকথন করতে দেখা যায়।
ম্যাচ শেষে এ ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে মূলত আপত্তিকর সেই মন্তব্য করে বসেন নেইমার। হলুদ কার্ডের ইস্যুতে কথা বলতে গিয়ে ক্যানাল প্রিমিয়ারের সঙ্গে আলাপকালে নেইমার বলেন, ‘এই কার্ডটি অন্যায্য। ম্যাচের শেষদিকে আমি একটি বিপজ্জনক এবং অপ্রয়োজনীয় ট্যাকলের শিকার হয়েছিলাম। এটা(ট্যাকেল) প্রথম নয়, তৃতীয় বা চতুর্থবার হয়েছে। আমি প্রতিবাদ করতে গিয়েছিলাম এবং হলুদ কার্ড পেয়েছি।’
নারী রেফারির ব্যাপারেও কথা বলতে পিছ পা হননি নেইমার। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড হেসে হেসে নারী রেফারিকে কটাক্ষ করে বলেন, ‘ উনি ‘চিকো’ হয়ে ঘুম থেকে উঠেছে এবং সেই অবস্থাতেই মাঠে এসেছে। সে ম্যাচের নায়ক হতে চায়, খেলোয়াড়দের প্রতি অসম্মানজনক আচরণ করে, কথা বলে না, কিছু আলোচনা করে না। সে এমন একজন, যে খেলা নিয়ন্ত্রণ করতে চায়, সবকিছু নিজের মতো চালাতে চায়। তাকে এটা কীভাবে সামলাতে হয়, তা শেখা দরকার। এটা অসম্মানজনক।’
ম্যাচ শেষে নেইমারের এই মন্তব্য ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। ব্রাজিলিয়ান সাংবাদিক মারিয়ানা পেরেইরা নেইমারের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন।
নেইমারকে একহাত নিয়ে এই নারী সাংবাদিক বলেন, ‘সে ... (নারীদের একটা স্বাভাবিক প্রক্রিয়া) নিয়ে ঘুম থেকে উঠেছে এবং সেই অবস্থায় খেলতে এসেছে’—এভাবে যৌনবৈষম্যমূলক ও পক্ষপাতদুষ্ট কথাবার্তা বলা কত সহজ। বহু বছর ধরে নারীরা ...(স্বাভাবিক প্রক্রিয়া) হওয়ার জন্য লজ্জার মুখে পড়েছে। শরীরের একটি সাধারণ প্রক্রিয়াকে নোংরা হিসেবে দেখা হয়েছে, যেখানে হরমোনের পরিবর্তন ও শারীরিক ব্যথাকে অস্বীকার করা হয়। এখনও এমন মানুষ আছে যারা এসব সমর্থন করে।’
মাঠের বাইরের বিতর্কে জড়ানো নেইমার রেমোর বিপক্ষে ম্যাচে দলের দুটি গোলেই অবদান রেখেছেন। তবে রেফারির হলুদ কার্ডের কারণে পরের ম্যাচে ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে সান্তোসের হয়ে খেলতে পারবেন না(আগের ম্যাচেও হলুদ কার্ড দেখেছিলেন) নেইমার।
মাঠের বাইরের ঘটনায় বিতর্কে জড়ানো নেইমার ব্রাজিলের বিশ্বকাপ দলে থাকা নিয়েও আছেন বড় অনিশ্চয়তায়। ব্রাজিলের সংবাদ মাধ্যমে গ্লোবো তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ইতোমধ্যে ২৪ জন ঠিক করে ফেলেছেন কোচ কার্লো আনচেলত্তি। বাকি দুটি জায়গার দৌড়ে আছেন তিনজন - লুকাস পাকেতা, এনদ্রিক ও ইগর তিয়াগো। যেখানে নেইমার প্রাথমিক ভাবনাতেও নেই।