সর্বশেষ মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপে অবনমিত হয় হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটি। কিন্তু সেখানেও এবার খুব একটা সুবিধা করতে পারছে না লেস্টার।
এমনিতেই পয়েন্ট টেবিলে ধুঁকছে দলটি, তার ওপর আর্থিক নীতিভঙ্গের অভিযোগে চলতি বছরের ফেব্রুয়ারিতে লেস্টারের ৬ পয়েন্ট কেটে নেয় ইংলিশ ফুটবল লিগ (ইএফএল) কর্তৃপক্ষ। পয়েন্ট হারিয়ে চ্যাম্পিয়নশিপ থেকেও অবনমনের শঙ্কায় পড়ে যায় হামজার দল।
হারানো পয়েন্ট ফিরে পেতে ইএফএলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিল লেস্টার। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। লেস্টারের আপিল ব্যর্থ হয়েছে। অর্থাৎ লেস্টারের যে ৬ পয়েন্ট কেটে নেওয়া হয়েছিল, সেটা আর তারা ফেরত পাচ্ছে না। গতকাল বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।
বিবৃতিতে প্রিমিয়ার লিগ উল্লেখ করেছে, ‘চলতি মৌসুমে লেস্টার সিটির বিরুদ্ধে ৬ পয়েন্ট কেটে নেওয়ার সুপারিশ করেছিল একটি স্বাধীন কমিশন। সেই সিদ্ধান্ত বহাল রেখেছে একটি স্বাধীন আপিল বোর্ড।’
কেন লেস্টারের পয়েন্ট কাটে ইএফএল? মূলত প্রিমিয়ার লিগে সর্বশেষবার উন্নতির আগে ২০২৩-২৪ মৌসুম পর্যন্ত চ্যাম্পিয়নশিপে ছিল লেস্টার। ওই মৌসুম পর্যন্ত তিন বছরের লাভ ও টেকসই উন্নয়ন নীতি (পিএসআর) ভঙ্গের অভিযোগ তুলে গত বছরের মে মাসে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ লেস্টারের বিরুদ্ধে মামলা করে। ওই মামলাতেই চলতি বছরের ৫ ফেব্রুয়ারি লেস্টারের ৬ পয়েন্ট কেটে নেওয়া হয়।
এরপর লেস্টারের আপিল ও সেটি বাতিল প্রসঙ্গে প্রিমিয়ার লিগের বিবৃতিতে বলা হয়েছে, ‘কমিশন দেখতে পেয়েছে, ২০২৩-২৪ মৌসুম পর্যন্ত সময়ে ক্লাবটি ইএফএল-এর লাভ ও টেকসই উন্নয়ন নীতিমালা ভঙ্গ করেছে। ক্লাবটি বিভিন্ন যুক্তিতে আপিল করেছিল। যার মধ্যে কমিশনের এই শাস্তি সুপারিশ করার ক্ষমতা এবং শাস্তির মাত্রা নিয়েও আপত্তি ছিল। তবে আপিল বোর্ড এগুলো খারিজ করে দেয়।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এছাড়াও, বার্ষিক হিসাব দাখিলে দেরি করার কারণে শাস্তি আরও বাড়ানো হয়নি— এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রিমিয়ার লিগ যে আপিল করেছিল, সেটিও আপিল বোর্ড খারিজ করে দিয়েছে।’
উল্লেখ্য, চ্যাম্পিয়নশিপের ৪১ ম্যাচে বর্তমানে ৪১ পয়েন্ট নিয়ে তালিকার ২২ নম্বরে আছে লেস্টার। এ সময়ে ১১ জয়ের সঙ্গে ১৪ ড্রয়ে লেস্টারের পয়েন্ট হওয়ার কথা ছিল ৪৭। তবে ৬ পয়েন্ট কেটে নেওয়ায় সেটি কমে গেছে। আর লেস্টার আছে অবনমন অঞ্চল। পরের মৌসুমেও চ্যাম্পিয়নশিপে থাকতে চাইলে, পয়েন্ট টেবিলে অন্তত ২১ নম্বরের মধ্যে থাকতে হবে লেস্টারকে।
লিগে এখনো ৫ ম্যাচ হাতে আছে লেস্টারের। আপিলে ব্যর্থ হওয়ার আপাতত এই স্তরেই টিকে থাকাকে লক্ষ্য বানিয়েছে হামজার দল। বিবৃতিতে লেস্টার বলেছে, ‘বিষয়টি নিষ্পত্তি হয়েছে, এবং মৌসুমেও আর ৫টি ম্যাচ বাকি। ক্লাবের সবাই এখন এই ম্যাচগুলোর দিকেই তাকিয়ে। পাশাপাশি পারফরম্যান্সের মাধ্যমেই ফল বের করতে পুরো মনোযোগ দিচ্ছে।’