বায়ার্ন ছুটছেই

গোলের রেকর্ড ভেঙেছে, এবার রেয়াল মাদ্রিদকে বাড়ির রাস্তা দেখাবে?

চলতি মৌসুমে ইউরোপিয়ান ফুটবলে সবচেয়ে সেরা ফর্মে আছে কোন দল? নির্দিষ্ট করে এক দলের নাম বলা কঠিন। তবে গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সেলোনাকে হারানোর পর আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে সেই তালিকায় কাতালান ক্লাবটির সঙ্গে পারি সাঁ জার্মেই (পিএসজি) ও বায়ার্ন মিউনিখকে রেখেছিলেন।

সিমিওনে কেন বায়ার্নকে সেরাদের তালিকায় রেখেছেন, সেটা আলাদা করে ব্যাখ্যা করার দরকার নেই। চলতি মৌসুমে জার্মান ক্লাবটির পারফরম্যান্সের দিকে তাকালেই সেটি স্পষ্ট। ভানসাঁ কম্পানির দল এতটাই দুর্দান্ত ফর্মে আছে যে, গোল বিবেচনায় জার্মানির সব রেকর্ড উল্টে পাল্টে দিয়েছে!

তা বায়ার্ন কী করেছে? বুন্দেসলিগার ম্যাচে গতকাল শনিবার সেন্ট পাউলির বিপক্ষে ৫-০ ব্যবধানে জিতেছে কম্পানির দল। গতকালের বড় জয়ে শিরোপাতেও এক পা দিয়ে রাখল বাভারিয়ানরা। বুন্দেসলিগার ২৯ ম্যাচ শেষে বায়ার্নের পয়েন্ট ৭৬। দুইয়ে থাকা ডর্টমুন্ডের চেয়ে এরই মধ্যে ১২ পয়েন্ট এগিয়ে বায়ার্ন। হাতে থাকা ৫ ম্যাচে আর মোটে ৩ পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত হবে কম্পানির দলে।

আর সেই শিরোপা জয়ের পথে বুন্দেসলিগার এক মৌসুমের সর্বোচ্চ গোলের রেকর্ডটা গতকালই ভেঙে দিয়েছে বায়ার্ন। গতকালের ৫ গোলসহ চলতি মৌসুমে কোম্পানির দল গোল করেছে ১০৫টি! বুন্দেসলিগায় এক মৌসুমে এত গোল করতে পারেনি আর কোনো দল।

বুন্দেসলিগা আগের রেকর্ডটা ছিল ১০১ গোলের। সেটাও ছিল বায়ার্নের দখলেই। ১৯৭১-৭২ মৌসুমে বেকেনবাওয়ার-মুলারকে নিয়ে গড়া বায়ার্ন ওই রেকর্ডটি গড়েছিলেন। ৫৪ বছর পর সেই রেকর্ডটা অতীত বানিয়ে দিলেন হ্যারি কেইন-জামাল মুসিয়ালারা, সেটাও ৫ ম্যাচ হাতে রেখেই!

তা জার্মানির রেকর্ড না হয় নতুন করে লিখল বায়ার্ন। ইউরোপের শীর্ষ ৫ লিগের মধ্যেও কি সবাইকে ছাড়িয়ে যেতে পারবে বাভারিয়ানরা?

প্রিমিয়ার লিগে ২০১৭-১৮ মৌসুমে রেকর্ড ১০৬ গোল করেছিল ম্যানচেষ্টার সিটি। এই রেকর্ডকে যে বায়ার্ন অনায়াসেই ছাড়িয়ে যাবে, সেটা নিশ্চিতভাবেই বলে দেওয়া যায়! তখন সামনে থাকবে রেয়াল মাদ্রিদের ২০১১-১২ মৌসুমে করা ১২১ গোলের কীর্তি!

তা মাদ্রিদই কি শীর্ষ পাঁচ লিগে এক মৌসুমে গোলের শীর্ষে? না, এ তালিকায় সবার ওপরে তুরিনো। ইতালিয়ান সেরি আ-তে ১৯৪৭-৪৮ মৌসুমে ১২৫ গোল করেছিল ক্লাবটি। অবশ্য তখন লিগ ছিল ৪০ ম্যাচের।

সেই রেকর্ডটি নিজেদের করতে বুন্দেসলিগা শেষ ৫ ম্যাচে অন্তত ২১ গোল করতে হবে বায়ার্নকে! ৩৪ ম্যাচের বুন্দেসলিগায় যদি বাভারিয়ানরা সেটা করতে পারে, সেই রেকর্ডের মাহাত্ম্য নিশ্চিতভাবেই কয়েকগুণ বেড়ে যাবে! 

তবে আপাতত গোলের রেকর্ডের দিকে নয়, বরং চ্যাম্পিয়নস লিগে রেয়াল মাদ্রিদের ম্যাচের দিকেই নজর কম্পানির। ইউরোপসেরার লড়াইয়ের কোয়ার্টার ফাইনালে গত সপ্তাহে মাদ্রিদের মাঠে গিয়ে ২-১ ব্যবধানে জিতেছে বায়ার্ন। আগামী বুধবার রাতে ঘরের মাঠে ফিরতি লেগের ম্যাচ। বায়ার্নের মনোযোগ আপাতত সেদিকেই।

কম্পানি বলেছেন, ‘আমরা ভালো সময়ে আছি, কিন্তু প্রতিটি ম্যাচ এখন খুব গুরুত্বপূর্ণ। রেকর্ড হলে ভালো লাগে, তবে বুধবার আমাদের বড় ম্যাচ আছে— এখন পুরো মনোযোগ সেদিকেই।’