জিতল সিটি, হারল চেলসি, আর ভয় পাচ্ছে আর্সেনাল?

সেই যে ২০০৩-০৪ মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা জিতল আর্সেনাল, এরপর একে একে কেটে গেছে ২২ বছর। দীর্ঘ দুই দশকের বেশি সময়ে কয়েকবার শিরোপার কাছাকাছি গেলেও খরা আর কাটাতে পারেনি আর্সেনাল। এইতো সর্বশেষ তিন মৌসুমেও শুরুতে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত লিগে দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দলটিকে।

এবারও কি সেটারই পুনরাবৃত্তি ঘটবে? গতকাল রোববার চেলসির বিপক্ষে ম্যানচেস্টার সিটির ৩-০ ব্যবধানের জয়ের পর এই প্রশ্নটাই নতুন করে উঠতে শুরু করেছে!

তা চেলসি-ম্যান সিটি ম্যাচের সঙ্গে আর্সেনালের সম্পর্কটা কোথায়? এবারের মৌসুমে সপ্তম রাউন্ড থেকেই শীর্ষস্থানটা বলতে গেলে নিজেদের করে রেখেছে মিকেল আর্তেতার দল। এখনো পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা ম্যান সিটির চেয়ে ৬ পয়েন্ট ব্যবধানে এগিয়ে আর্সেনাল। কিন্তু এরপরও শীর্ষস্থানের চেয়ারটা ‘নড়বড়ে’ হয়েছে আর্সেনালের। ম্যান সিটি কোচ গার্দিওলার ভাষায় বলতে গেলে, ৬ পয়েন্ট পিছিয়ে থাকলেও আর্সেনালের বিপক্ষে সিটির ম্যাচটাই শিরোপা ভাগ্য নির্ধারণ করে দেবে!

তা গার্দিওলা কেন আর্সেনাল ম্যাচটাকেই ফাইনাল বললেন? একদিন আগে প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে আর্সেনাল। আর গতকাল চেলসির মাঠে গিয়ে চেলসিকে উড়িয়ে দিয়েছে সিটি। তাতে লিগ পয়েন্ট টেবিলে শীর্ষ থাকা আর্সেনালের পয়েন্ট ৩২ ম্যাচে ৭০, আর সিটি ৩১ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে।

আর্সেনালের চেয়ে সিটি যেহেতু একটা ম্যাচ কম খেলেছে, হাতে থাকা ওই ম্যাচটা জিতলে পয়েন্ট ব্যবধান কমে দাঁড়াবে ৩-এ। আবার আগামী ১৯ এপ্রিল লিগের ম্যাচে মুখোমুখি হবে সিটি-আর্সেনাল। একে তো সিটির ঘরের মাঠে ম্যাচ, তার ওপর গার্দিওলার দলের দুর্দান্ত ফর্ম- ম্যাচের ফল সিটির পক্ষে গেলেই আর্সেনাল-সিটির পয়েন্ট হবে সমান সমান। তখন বিবেচনায় আসবে মৌসুমের বাকি ম্যাচগুলোর ফল কিংবা গোল ব্যবধান। গতকাল চেলসিকে হারানোর পর আর্সেনালের বিপক্ষে আসন্ন ম্যাচটাকে তাই ফাইনাল বলেই ‘আখ্যায়িত’ করেছেন গার্দিওলা।

গতকাল চেলসিকে বলতে গেলে তেমন পাত্তাই দেয়নি সিটি। স্টামফোর্ড ব্রিজে ম্যাচের প্রথমার্ধে গার্দিওলার দলকে আটকে রাখলেও দ্বিতীয়ার্ধে আর ধরে রাখতে পারেনি চেলসি। একে একে জালে বল জড়ান ও’রেইলি, মার্ক গুয়েহি ও জেরেমি দকু।

৩-০ গোলের এই জয়ে যেমন সিটির শিরোপা স্বপ্ন নতুন করে জেগে উঠছে, অন্যদিকে চেলসির সরাসরি চ্যাম্পিয়নস লিগের খেলার আশার ভেলায় বড় ধাক্কা লেগেছে। গতকালের হারে ৩২ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে তালিকার ছয়েই থাকল চেলসি।

স্টামফোর্ডে গতকাল মাঠে যেমন আত্মবিশ্বাস দেখিয়েছে গার্দিওলার দল, তেমনি গ্যালারিতেও আত্মবিশ্বাসী ছিলেন সিটি সমর্থকেরা। আর্সেনালকে উদ্দেশ্য করে তারা স্লোগান দিচ্ছিলেন, ‘তোমরা কি দেখছি? আমরা ম্যান সিটি। আমরা শেষ পর্যন্ত দলে যাব।’

আর ম্যাচ শেষে একই ধরনের কথা বললেন গার্দিওলাও, ‘আর্সেনালের বিপক্ষে ম্যাচটাই এখন ফাইনাল। তাই বলে আমাকে বলবেন না যে, ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৯ এপ্রিলের ম্যাচটা সহজ হতে যাচ্ছে।’

পয়েন্ট ব্যবধানে পিছিয়ে থাকলেও সিটিকে আশা দেখাচ্ছে পরিসংখ্যান। প্রিময়ার লিগের প্রতি মৌসুমের শেষ ১০ ম্যাচের হিসাব বিবেচনায়, সর্বশেষ ৪৩ ম্যাচে সিটি মোটে একটা ম্যাচটা হেরেছে! এরপরও আর্সেনালকে নিয়ে সতর্ক গার্দিওলা, ‘আমরা এমন একটা দলের (আর্সেনাল) বিপক্ষে খেলতে যাচ্ছি, যারা ৪৯ ম্যাচে মোটে তিনটিতে হেরেছে। আর চ্যাম্পিয়নস লিগে একবারও হারেনি।’

তবে কয়েকদিন আগে লিগ কাপে আর্সেনালকে হারিয়ই শিরোপা জিতেছে সিটি। সেটাও অনুপ্রেরণা হতে পারে গার্দিওলার দলের। এ প্রসঙ্গে সিটি কোচ বলেছেন, ‘ইএফএল কাপের ফাইনালে আমরা পুরোপুরি আন্ডারডগ ছিলাম। আমরা যে এত ভালো খেলব, সেটার পক্ষে ১ পাউন্ড বাজি ধরার মতো একজন লোকও ছিল না। হয়ত পরিস্থিতি এখন কিছুটা বদলেছে।’