বিশ্বকাপের আর দুই মাসের চেয়েও কম সময় বাকি। এর আগে পর্তুগিজ সমর্থকদের জন্য অস্বস্তির সংবাদ সামনে এসেছে। আল নাসরের হয়ে অসুস্থতা নিয়ে খেলে বিপাকে পড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
আল ইত্তিফাকের বিপক্ষে গতকাল রাতে ১-০ গোলের জয় পেয়েছে আল নাসর। সেই ম্যাচে অসুস্থতা নিয়ে খেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো এবং ম্যাচ শেষে বমি করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আল নাসর কোচ হর্হে জেসুস।
রোনালদো অসুস্থ থাকায় শুরুতে তাঁকে নামাতে চাননি কোচ। ম্যাচ শেষে এই ব্যাপারে জেসুস বলেন, ‘আমি ওকে দলে না রাখার কথা ভাবছিলাম, ও ভালো অবস্থায় ছিল না। ওর পেটে ব্যথা ছিল এবং সার্বিকভাবে ওকে খুব ক্লান্ত মনে হচ্ছিল। আমি ওকে তুলে(৮৯তম মিনিটে) নেওয়ার পর ও সরাসরি ড্রেসিং রুমে গিয়ে বমি করে।’
তবে পর্তুগিজ এই তারকা গুরুতর অসুস্থ নন। রোনালদো এখন পর্যন্ত আল নাসরের হয়ে চলতি মৌসুমে ২৪টি গোল করেছেন। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড জুনে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন।