হেরে গিয়ে আর্তেতা বললেন, ‘খেলা হবে’

কাগজে-কলমে না হলেও ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের গতকাল রোববারের ম্যাচটা ছিল প্রিমিয়ার লিগ শিরোপার অলিখিত ‘ফাইনাল’। আর সেই ‘ফাইনালে’ আর্সেনালকে ২-১ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। একই সঙ্গে লিগ শিরোপা পুনরুদ্ধারের পথেও অনেকটা এগিয়ে গেছে ম্যান সিটি।

পয়েন্ট টেবিলের হিসাব বলছে, ৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে এখনো লিগের শীর্ষেই আছে আর্সেনাল। আর দুইয়ে থাকা ম্যান সিটির পয়েন্ট ৬৭। তবে ৩ পয়েন্ট পিছিয়ে থাকলেও গার্দিওলার দল আর্সেনালের চেয়ে একটা ম্যাচ কম খেলেছে। হাতে থাকা ওই ম্যাচটা জিতলে দুদলেরই পয়েন্ট হবে সমান। তখন বিবেচনায় আসবে গোল ব্যবধান। এই মুহূর্তে গোল ব্যবধানে ম্যান সিটির চেয়ে আর্সেনাল এক গোলে এগিয়ে থাকলেও হাতে থাকা ম্যাচে জিতলেই আর্সেনালকে টপকে যাবে সিটিজেনরা। সেই সঙ্গে আত্মবিশ্বাস ও মানসিকভাবেও এই মুহূর্তে আর্সেনালের চেয়েও অনেকটাই এগিয়ে গার্দিওলার দল।

তাহলে কি এখনই লিগ চ্যাম্পিয়ন হিসেবে ম্যান সিটির হাতে শিরোপা তুলে দেওয়া যায়? সিটি কোচ গার্দিওলা তেমন আত্মতুষ্টিতে ভুগতে চান না। বরং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চান। অন্যদিকে আর্সেনাল কোচ মিকেল আর্তেতাও বিশ্বাস করেন, এখনো সব আশা শেষ হয়ে যায়নি আর্সেনালের।

গতকালের ম্যাচে ফেরা যাক, ইত্তিহাদে রায়ান শেরকির দুর্দান্ত এক গোলে ম্যাচের ১৬ মিনিটে এগিয়ে (১-০) গিয়েছিল সিটি। কিন্তু সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি গার্দিওলার দল। দুমিনিটের মধ্যেই কাই হাভার্টসের গোলে সমতায় (১-১) ফেরে আর্সেনাল। প্রথমার্ধে আর কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে আর্লিং হলান্ডের করা গোলটাই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। অন্যভাবে বলতে গেলে, লিগ শিরোপার ভাগ্যও কি গড়ে দিল?

তবে শিরোপার দৌড়ে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হলেও সতর্কতার সুরই শোনা গেল গার্দিওলার কণ্ঠে। পথ এখনো অনেকটা বাকি উল্লেখ করে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ম্যান সিটি কোচ বলেছেন, ‘লিগের শীর্ষে কে? আমরা নই। গোল ব্যবধানেও তারা (আর্সেনাল) এগিয়ে।’

তাই বলে শিরোপার আশা ছাড়ছেন না গার্দিওলা, ‘ধাপে ধাপে এগোতে হবে। অবশ্যই আমাদের আশা আছে এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার সুযোগটাও আছে।’ গার্দিওলা যোগ করেন, ‘ড্র বা হারলেও আমি সন্তুষ্ট থাকতাম। (পয়েন্ট টেবিলের) শীর্ষে থাকা দলের বিপক্ষে আমার দলকে যেভাবে খেলতে দেখেছি, তাতে অভিযোগ করার কিছু নেই। আমি খুবই গর্বিত।’

ম্যান সিটি যেখানে আত্মবিশ্বাসে ভরপুর, আর্সেনাল সেখানে অনেকটাই মলিন। লিগে টানা দুই হারসহ সব মিলিয়ে ঘরোয়া প্রতিযোগিতায় সর্বশেষ চার ম্যাচেই হেরেছে আর্সেনাল। অন্যদিকে সব ধরনের প্রতিযোগিতায় সর্বশেষ ছয় ম্যাচে মোটে একটাতে জিততে পেরেছে আর্তেতার দল। এরপরও লিগ শিরোপা জয়ের ব্যাপারে এখনো আশা ছাড়ছেন না তিনি।

ম্যাচ শেষে আর্সেনাল কোচ বলেছেন, ‘প্রিমিয়ার লিগ যেন আবার নতুন করে শুরু হলো। ওদের (ম্যান সিটি) হাতে একটা ম্যাচ বাকি, আর আমরা তিন পয়েন্টে এগিয়ে। সামনে সমান পাঁচটি করে ম্যাচ— খেলা হবে।’

আর্তেতা আরও বলেন, ‘এখনো সবকিছু শেষ হয়ে যায়নি, লড়াই করার অনেক কিছু বাকি। আমরা জানি কীভাবে জিততে হয় এবং আমরা থামব না— চেষ্টা চালিয়ে যাব, এটা নিশ্চিত।’