আর্জেন্টাইন তারকাকে পেতে লড়াইয়ে তিন দেশের তিন ক্লাব

চলতি বছরের গ্রীষ্মকালীন দলবদল শুরু হতে এখনো প্রায় দুমাস বাকি। তবে এরই মধ্যে ক্লাবগুলো পরের মৌসুমে নিজেদের শক্তি বাড়ানোর ছক আঁকা শুরু করেছে। আর সেই ছকে এবার ইউরোপের অন্তত তিনটি ক্লাবের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন হুলিয়ান আলভারেস। ২৬ বছর বয়সী এ আর্জেন্টাইন স্ট্রাইকারকে আগামী দলবদলে পেতে আগ্রহী বার্সেলোনা, আর্সেনাল ও পিএসজির মতো ক্লাব। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।

সংবাদমাধ্যমটির খবর অনুসারে, কোপা দেল রের ফাইনালের পরপরই ক্লাবগুলোর আগ্রহের বিষয়টি সামনে এসেছে। যদিও ওই শিরোপা নির্ধারণীতে রেয়াল সোসিয়েদাদের কাছে টাইব্রেকারে হেরেছে আলভারেসের দল আতলেতিকো মাদ্রিদ। তবে আলভারেসের গোলেই ম্যাচটা পেনাল্টি শ্যুটআউট পর্যন্ত গিয়েছিল।

ওই শ্যুটআউটে আলভারেস পেনাল্টি মিস করলেও ক্লাবগুলোর কাছে আর্জেন্টাইন তারকাকে নিয়ে আগ্রহ এক বিন্দুও কমেনি। কারণ মৌসুম জুড়েই আতলেতিকোর জার্সিতে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। লা লিগার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগেও গুরুত্বপূর্ণ মুহূর্তে বার্সেলোনা, রেয়াল মাদ্রিদ, ইন্তের মিলানো, টটেনহামের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে ফল নির্ধারণী গোল করেছেন আলভারেস। যা তাঁর বাজারমূল্য আবারও বাড়িয়ে দিয়েছে বলে উল্লেখ করেছে মুন্দো দেপোর্তিভো।

স্প্যানিশ সংবাদমাধ্যমটির খবর অনুসারে, গ্রীষ্মকালীন দলবদলে তিন দেশের তিন ক্লাব- বার্সা, আর্সেনাল কিংবা পিএসজি নিজেদের স্কোয়াড নিয়ে যে পরিকল্পনা শুরু করেছে, সেখানে তিনটি ক্লাবই অগ্রাধিকার হিসেবে আলভারেসকে রেখেছে। বিশেষ করে বার্সেলোনার আগ্রহের পরিমাণটা বেশি। ৩৭ বছর বয়সী রবের্ত লেভানদফস্কির বিকল্প হিসেবে দলটি দীর্ঘমেয়াদেই আলভারেসকে চায়। আর সেজন্য ১০ কোটি ইউরো পর্যন্ত খরচ করতে রাজি বার্সেলোনা।

অন্যদিকে চ্যাম্পিয়নস চ্যাম্পয়নস লিগ ও প্রিমিয়ার লিগ- দুই শিরোপার আশা এখনো বাঁচিয়ে রাখা আর্সেনালও আলভারেসকে পেতে আগ্রহী। অবশ্য সর্বশেষ ট্রান্সফার উইন্ডোতেও আলভারেসকে পেতে ১০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছিল আর্সেনাল। কিন্তু তাঁকে বিক্রি করতে আগ্রহী নয় বলে সে সময় স্পষ্ট জানিয়ে দিয়েছে আতলেতিকো।

মুন্দো দেপোর্তিভো আরও জানিয়েছে, ফরাসি ক্লাব পিএসজিও আলভারেসকে নজরে রেখেছে। ফ্রান্সের পাশাপাশি ইউরোপিয়ান ফুটবলে নিজেদের আধিপত্য বজায় রাখতে শক্তিশালী দল গড়ে তুলতে চায় প্যারিসের ক্লাবটি। আর সে কারণেই আলভারেসের প্রতি আগ্রহ ক্লাবটির।

ক্লাবগুলো আগ্রহ দেখালেও আলভারেসকে পাওয়া যে সহজ হবে না, সেটা উঠে এসেছে আতলেতিকো সভাপতি এনরিকে সেরেসোর কথাতেই। তিনি বলেছেন, ‘হুলিয়ান আলভারেজ আরও অনেক দিনই আমাদের সঙ্গে থাকবে। মনে করো যে আমিই সব ঠিক করি। আমি না বলা পর্যন্ত ও (আলভারেস) কোথাও যাবে না।’

উল্লেখ্য, ম্যান সিটি থেকে আতলেতিকো মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত স্প্যানিশ ক্লাবটির হয়ে ১০৪ ম্যাচ খেলেছেন আলভারেস। তাতে ৪৮ গোল করার পাশাপাশি আরও ১৭টি গোলে অ্যাসিস্টও করেছেন তিনি।