এক দশক আগে ইতিহাস গড়ে প্রিমিয়ার লিগ শিরোপা জয়, পাঁচ বছর আগে এফএ কাপ চ্যাম্পিয়ন- সেই লেস্টার সিটি মাত্র এক মৌসুম আগে শীর্ষ লিগ থেকে নেমে গিয়েছিল ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপে।
কিন্তু সেখানেও থিতু হতে পারেনি হামজা চৌধুরীর দল। আবারও অবনমন হয়েছে লেস্টারের। এবার দ্বিতীয় স্তর থেকে তৃতীয় স্তরে (লিগ ওয়ান) নেমে গেছে ‘দ্য ফক্সেস’ নামে পরিচিত ক্লাবটি। গতকাল সোমবার চ্যাম্পিয়নশিপের ম্যাচে হালসিটির বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের পর লেস্টারের অবনমন নিশ্চিত হয়।
ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ম্যাচের ১৮ মিনিটে পিছিয়ে পড়া লেস্টার ৫২ ও ৫৪ মিনিটে জেমস ও থমাসের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল। কিন্তু গোলকিপারের ভুলে ৬৩ মিনিটে আরেকটা গোল হজম করে হামজার দল। তাতে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় দুদলকে।
বর্তমানে ৪৪ ম্যাচে ৪২ পয়েন্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের ২৩ নম্বরে লেস্টার। অবনমন এড়াতে চাইলে অন্তত ২১ নম্বরের মধ্যে থাকতে হতো হামজার দলকে। বর্তমানে টেবিলের ২১ নম্বরে থাকা ব্ল্যাকবার্ন রোভার্সের পয়েন্ট ৪৯। অর্থাৎ লেস্টার যদি হাতে থাকা দুই ম্যাচ জেতে, তারপরও দলটির পয়েন্ট হবে ৪৮! অর্থাৎ অবনমন হচ্ছেই।
এর আগেও বড় ধরনের দুঃসময় দেখেছে লেস্টারের। তবে টানা দুই মৌসুমে দুবার অবনমন- এটিকে ইংলিশ ফুটবলের অন্যতম বড় বিপর্যয় হিসেবে উল্লেখ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
লেস্টারের এবারের অবনমনের পেছনে অন্যতম বড় কারণ পয়েন্ট জরিমানা। আর্থিক নিয়ম ভাঙার কারণে ৬ পয়েন্ট হারিয়েছে দলটি। এমনিতেই দলের বিপর্যয় নিয়ে সমর্থকদের মনে ক্ষোভ ছিল। গতকাল অবনমন নিশ্চিত হওয়ার পর ক্লাবটির সমর্থকেরা গ্যালারিতেই ‘বোর্ডের বরখাস্তের’ দাবিতে গ্লোগান দেওয়া শুরু করে। সেই ক্ষোভ ছড়িয়ে পড়ে স্টেডিয়ামের বাইরেও। দীর্ঘ সময় জুড়েই সেই বিক্ষোভ চলমান ছিল।
গতকালের ম্যাচে লেস্টারের পারফরম্যান্স একেবারে খারাপ ছিল না। কিন্তু গোলকিপারের ভুলে গোল হজম করে জয়ছাড়াই মাঠ ছাড়তে হয় হামজাদের। ম্যাচ শেষে দলটির কোচ গ্যারি রোয়েট বলেছেন, ‘এই পারফরম্যান্সটা হয়তো আমাদের ১০-১২ ম্যাচ আগেই দেখানো উচিত ছিল। দলে শক্তি, গতি, একটা মরিয়া ভাব ছিল… তবে আমি দায় স্বীকার করছি। এখানে (লেস্টারে কোচ হয়ে) আসার সময়ই জানতাম, পরিস্থিতি সহজ নয়।’
লেস্টারের অবনমন হবে না-ই বা কেন? চলতি বছর এখন পর্যন্ত ২০ ম্যাচ খেলে মাত্র দুটিতে জিততে পেরেছে লেস্টার। এরপরও পরপর দুই বছরে দুই ধাপ নেমে যাওয়া লেস্টারের প্রতি সহানুভূতি দেখিয়েছেন হাল সিটি কোচ ডিন হোল্ডেন, ‘লেস্টার দারুণ একটি ক্লাব। ওদের এই অবস্থায় দেখে সত্যিই খারাপ লাগছে। ১০ বছর আগে ওরা ছিল সবার দ্বিতীয় পছন্দের দল।’