শীর্ষে উঠেছে আর্সেনাল, স্বস্তিতে থাকতে পারছে কি?

প্রিমিয়ার লিগে এবারের প্রায় পুরো মৌসুমেই প্রিমিয়ার লিগের শীর্ষস্থানটা নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিল আর্সেনাল। কিন্তু গত সপ্তাহে ম্যানচেষ্টার সিটির কাছে চেয়ারের দখলটা হাতছাড়া হয় আর্সেনালের দলের। একই সঙ্গে ২২ বছর পর লিগ শিরোপা জয়ের আশাও অনেকটা কমে যায়।

এমন অবস্থার মধ্যেই গতকাল শনিবার রাতে ঘরের মাঠ এমিরেটসে নিউক্যাসল ইউনাইটেডকে ১-০ ব্যবধানে হারিয়ে আবারও পয়েন্‌ট টেবিলের শীর্ষে উঠেছে মিকেল আর্তেতার দল। কিন্তু শীর্ষে থাকার পরও শিরোপার দৌড়ে আর্সেনালকে খুব একটা এগিয়ে রাখা যাচ্ছে না!

লিগের ৩৪ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে আর্সেনাল শীর্ষে বটে। দুইয়ে থাকা ম্যান সিটিকে (৭০ পয়েন্ট) পিছিয়ে রাখার উপায় নেই। আর্সেনালের চেয়ে সিটি ৩ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে থাকলেও পেপ গার্দিওলার দল একটা ম্যাচ কম খেলেছে। হাতে থাকা ওই ম্যাচটা জিতলেই দুদলের পয়েন্ট হবে সমান। সেক্ষেত্রে গোল ব্যবধান যদি সমানও হয়, তখন আসবে দলের গোল সংখ্যা। সেখানে আবার আর্সেনালের চেয়ে সিটি এগিয়ে।

অথচ দুদিন আগেই আর্তেতা জানিয়েছিলেন, তাঁর দলকে ঝুঁকি নিতে হবে, আরও আক্রমণাত্মক খেলতে হবে। কিন্তু স্কোরলাইনে সেটার প্রভাব দেখা গেল না। ম্যাচের ৯ মিনিটে করা এবেরেচির একমাত্র গোলে ন্যূনতম ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।   

হাতে থাকা লিগ ম্যাচগুলোতে যে আরও ভালো পারফরম্যান্স দরকার, সেটা ভালো করেই জানেন আর্তেতা। গতকাল ম্যাচ শেষে আর্সেনাল কোচ বলেছেন, ‘আমরা এখন কতগুলো ম্যাচ খেলেছি— আর কোথায় আছি, সেটাই দেখছি। ২২ বছর শিরোপাহীন থাকার পর পথটা সহজ হবে বলে মনে করি না। সবকিছু এত সহজ হবে না। তবে আমরা এটার জন্য প্রস্তুত।’

আর্তেতা প্রস্তুতির কথা বললেও গতকাল দুটি ধাক্কা খেয়েছে আর্সেনাল। প্রথমার্ধের মাঝামাঝিতে চোটে মাঠ ছেড়েছেন কাই হাভার্টস। আর বিরতির পর একই কারণে মাঠের বাইরে যান ম্যাচের একমাত্র গোলদাতা এজে। এ দুজনের চোট কতটা গুরতর, তাঁদের কবে নাগাত পাওয়া যাবে, সে ব্যাপারে কিছু জানাননি আর্তেতা।