সালাহ কি লিভারপুলের জার্সিতে শেষ ম্যাচটা খেলে ফেললেন?

প্রিমিয়ার লিগে গতকাল শনিবার ক্রিস্টাল প্যালেসকে ৩-১ গোলে হারিয়েছে লিভারপুল। তাতে লিগের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানটা ধরে রেখেছে আর্নে স্লটের দল। মৌসুম শেষ হতে এখনো লিভারপুলের হাতে চারটি ম্যাচ বাকি। কিন্তু এর মধ্যেই প্রশ্ন উঠেছে, অল রেডদের জার্সিতে কি গতকালই শেষ ম্যাচটা খেলে ফেলেছেন মোহামেদ সালাহ?

তা এখনই কেন এমন প্রশ্ন উঠছে? এর আগে গতমাসে সালাহ ঘোষণা দিয়েছেন, লিভারপুলের জার্সিতে এটাই হতে যাচ্ছে তাঁর শেষ মৌসুম। সেটি বিবেচনায় আগামী ২৪ মে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচ পর্যন্ত এখনো প্রায় মাসখানেক সময় হাতে আছে সালাহর।

কিন্তু গতকাল ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে বাম হ্যামস্ট্রিংয়ের চোট পান মিসরীয় তারকা ফরোয়ার্ড। আর সে কারণেই চলতি মৌসুমে লিভারপুলের বাকি ম্যাচগুলোতে সালাহকে পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছে লিভারপুল।

গতকাল ম্যাচের ৫৯ মিনিটে বাম পা ধরে মাঠেই পড়ে যান সালাহ। পরে তাঁকে বদলি করা হয়। কিন্তু সালাহর চোট কতটা গুরুতর, কিংবা সুস্থ হতে কতদিন লাগবে, সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ম্যাচ শেষে বিবিসির ম্যাচ অব দ্য ডে-তে স্লট বলেছেন, ‘এখনই মন্তব্য করাটা কঠিন। তবে আমরা সবাই মোহামেদ (সালাহ) সম্পর্কে জানি। ওর জন্য মাঠ ছেড়ে যাওয়া কতটা কঠিন। ও মাঠ ছেড়েছে, এতেই হয়তো (চোট যে পেয়েছে) অনেক কিছু বোঝা যায়। কিন্তু চোট কতটা গুরুতর, সেটা জানতে আমাদের অপেক্ষা করতে হবে।’

মাঠ ছাড়ার সময় নিজেই হেঁটে বের হন সালাহ। তবে খুব ধীরে হাঁটছিলেন তিনি। একই সঙ্গে অ্যানফিল্ডের গ্যালারির চারদিকের দর্শকদের দিকে ঘুরে হাততালি দিতে থাকেন। এতেই প্রশ্নটা জোরাল হয়ে পড়ে, সালাহ কি তবে লিভারপুলের জার্সিতে শেষ ম্যাচটা খেলে ফেললেন?

স্লটের ধারণা, মাঠ ছাড়ার সময় হয়তো ওমন একটা ভাবনা সালাহর মাথাতেও এসেছিল। এ প্রসঙ্গে লিভারপুল কোচ বলেছেন, ‘সত্যি বলতে, হ্যাঁ। ও যেভাবে মাঠ ছেড়েছে, তাতে হয়তো (শেষ ম্যাচের) বিষয়টা ওর মাথাতেও এসেছিল। সামনে আর মোটে কয়েকটা সপ্তাহ বাকি। আশা করছি, ও আবার আমাদের হয়ে খেলতে নামবে।’