মাত্র একদিন আগের ঘটনা। পার্ক দে প্রিন্সেসে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগের উত্তেজনায় ঠাসা এক ম্যাচে বায়ার্ন মিউনিখকে ৫-৪ ব্যবধানে হারিয়েছে পিএসজি। গোলবন্যার ম্যাচে জয় পেলেও খুব বেশি স্বস্তিতে থাকতে পারছে না লুইস এনরিকের দল।
একে তো পাঁচবার গোল উদযাপন করেও প্রথম লেগে পিএসজির জয়ের ব্যবধানটা ন্যূনতম, তার ওপর আগামী বুধবারের ফিরতি লেগের ম্যাচটা বায়ার্নের ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনাতে। জার্মান ক্লাবটির মাঠে গিয়ে ফাইনালে ওঠার পথটা পরিষ্কার রাখা যে সহজ হবে না, সেটা ভালো করেই জানেন এনরিকে।
এমন অবস্থায় দুঃসংবাদ পেয়েছে পিএসজি। হ্যামস্ট্রিংয়ের চোটে কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেছেন আশরাফ হাকিমি। এতে বায়ার্নের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচে খেলা হবে না মরক্কোর এ রাইটব্যাকের। গতকাল এক বিবৃতিতে হাকিমির চোটের বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি।
হাকিমি চোট পেয়েছিলেন গত মঙ্গলবারের প্রথম লেগেই। ম্যাচের শেষদিকে কনরাড লাইমার সঙ্গে সংঘর্ষে চোট পান হাকিমি। মরক্কো তারকার ওই চোট প্রসঙ্গে ক্লাবের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘বায়ার্নের বিপক্ষে ডান ঊরুতে পাওয়া চোটে আগামী কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকবেন আশরাফ (হাকিমি)।’