প্রতিপক্ষকে ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলকিপার

আগেই ধারণা করা গিয়েছিল বড় শাস্তি পেতে যাচ্ছেন রেয়াল সারাগোসার আর্জেন্টাইন গোলকিপার এস্তেবান আনদ্রাদা। স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে এসডি উয়েস্কার ডিফেন্ডার হোর্হে পুলিদোকে সজোরে ঘুষি মারার ঘটনায় ১৩ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন আর্জেন্টিনার হয়ে ৪ ম্যাচ খেলা আনদ্রাদা।  

গত রোববার স্প্যানিশ দ্বিতীয় বিভাগের সারাগোসা-উয়েস্কার ম্যাচে নির্ধারিত সময় শেষে তখন যোগ করা সময়ের খেলা চলছিল। উয়েস্কা ১-০ গোলে এগিয়ে ছিল, এমন সময় আন্দ্রাদাকে কিছু একটা বলতে এসেছিলেন পুলিদো। সে সময় সারাগোসার গোলকিপার তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। যে কারণে রেফারি হলুদ কার্ড দেখান, যা ছিল তার দ্বিতীয় হলুদ কার্ড। ফলে স্বাভাবিকভাবে এটি লাল কার্ড হয়ে যায়। তখনই মেজাজ হারিয়ে দৌড়ে গিয়ে পুলিদোকে সজোরে ঘুষি মারেন এস্তেবান আনদ্রাদা।

আর তাতেই মাঠে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রা। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায় এবং আন্তর্জাতিকভাবে সমালোচনার ঝড় ওঠে। 

এমন কাণ্ডের পর স্পেনের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন আন্দ্রাদাকে মোট ১৩ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। এর মধ্যে দ্বিতীয় হলুদ কার্ডের জন্য ১২ ম্যাচ এবং লাল কার্ডের জন্য অতিরিক্ত ১ ম্যাচ যোগ করা হয়েছে।

ফলে এই আর্জেন্টাইন গোলকিপার সারাগোসার অবনমন লড়াইয়ের বাকি ম্যাচগুলো খেলতে পারবেন না। দলটি বর্তমানে ২২ দলের লিগে ২১ নম্বর স্থানে আছে। অবনমন ঠেকাতে হলে ১৮ নম্বর স্থানে থেকে নিজেদের লিগ শেষ করতে হবে। আর হাতে ম্যাচ বাকি আছে মাত্র ৫টি। 

তবে এমন ঘুষি মারার ঘটনার পর আনদ্রাদা প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। আর্জেন্টাইন এই গোলকিপার বলেন, ‘সত্যি বলতে আমি খুবই দুঃখিত যা হয়েছে তার জন্য। এটা ক্লাবের জন্য, সমর্থকদের জন্য, আর বিশেষ করে আমার মতো একজন পেশাদারের জন্য ভালো বার্তা নয়। তাই আমি আন্তরিকভাবে দুঃখিত।’