‘নেতা’ ভিনিসিয়ুসের জোড়া গোল, বার্সেলোনার অপেক্ষা বাড়াল রেয়াল মাদ্রিদ

লা লিগার ম্যাচে গতকাল রোববার রাতে এস্পানিওলের মুখোমুখি হয়েছিল রেয়াল মাদ্রিদ। এ ম্যাচটার দিকে নজর রেখেছিল বার্সেলোনাও! গতকাল ম্যাচটাতে মাদ্রিদ কোনো কারণে হেরে গেলে বা ড্র করলেই যে চার ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা জয় নিশ্চিত হতো কাতালান ক্লাবটির।

কিন্তু সেটা হতে দেয়নি মাদ্রিদ। আরসিডিই স্টেডিয়ামে ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে এস্পানিওলকে ২-০ ব্যবধানে হারিয়েছে আলভারো আরবেলোয়ার শিষ্যরা। একইসঙ্গে বার্সেলোনার লিগ শিরোপার অপেক্ষা আরেকটু বাড়িয়ে দিল লস ব্লাঙ্কোস।

অবশ্য বার্সেলোনা পরের ম্যাচেই রেয়াল মাদ্রিদের মুখোমুখি হবে। আগামী সপ্তাহে হতে যাওয়া এল ক্লাসিকোতে পয়েন্ট পেলে সেদিনই ২৯তম লিগ শিরোপা নিশ্চিত হবে বার্সেলোনার। বর্তমানে ৩৪ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা রেয়াল মাদ্রিদের পয়েন্ট ৭৭। সমান ম্যাচে শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ৮৮।

গতকালের ম্যাচে ফেরা যাক। প্রথমার্ধে কিছুটা ম্যাড়মেড়ে ম্যাচই উপহার দিয়েছে দুদল। এর মধ্যে ভিনিসিয়ুসকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেছিলেন এস্পানিওলের ওমর এল হিলালি। তবে ভিএআর যাচাইয়ে লাল কার্ডের সিদ্ধান্ত বদলে মরোক্কান রাইটব্যাককে হলুদ কার্ড দেখান রেফারি।

দ্বিতীয়ার্ধে ম্যাচের গতিপথ বদলে দেন ভিনিসিয়ুসই। বিরতির ১০ মিনিট পর ভালভার্দের পাসে বল পেয়ে এস্পানিওল বক্সে ঢুকে গনসালো গার্সিয়ার সঙ্গে ওয়ান-টু-ওয়ান করে দারুণ শটে জালে বল জড়ান ব্রাজিলিয়ান তারকা।

১১ মিনিট পর মাদ্রিদ সমর্থকদের আরেকবার উদযাপনের উপলক্ষ এনে দেন ভিনি। এবার বেলিংহামের অ্যাসিস্টে বুলেট গতির জোরালো শটে স্কোরলাইন দ্বিগুণ করেন তিনি। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয়েই মাঠ ছাড়ে মাদ্রিদ।

তাতে একটা কীর্তিতে নাম ওঠে লস ব্লাঙ্কোদের। এস্পানিওলের এই মাঠে গিয়ে সবচেয়ে বেশি (১২ টি) জয় নিয়ে ফেরা দল এখন মাদ্রিদ। 

এদিকে ম্যাচে জোড়া গোল করা ভিনিকে প্রশংসায় ভাসিয়েছেন আরবেলোয়া। ব্রাজিলিয়ান তারকাকে ‘নেতা’ আখ্যা দিয়ে ম্যাচ শেষে মাদ্রিদ কোচ বলেছেন, ‘ও (ভিনি) আবারও দারুণ খেলেছে এবং দুটি অসাধারণ গোল করেছে। আক্রমণে ও-ই ছিল নেতা, প্রতিপক্ষের জন্য সব সময় বড় হুমকি।’

মাদ্রিদ কোচ আরও বলেন, ‘বল পায়ে ভিনিসিয়ুস আক্রমণাত্মক, বুদ্ধিমান, সাহসী এবং ধারাবাহিক ছিল। সে দলের জন্য বড় পরিশ্রম করেছে। ও অসাধারণ খেলোয়াড়, জন্মগত নেতা। এখানে সবাই ওকে ভালোবাসে।’