দীর্ঘ ২৭ বছর ম্যান ইউনাইটেডের ডাগআউট সামলে ২০১৩ সালে সে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও ইউনাইটেডের সঙ্গে সম্পর্কচ্ছেদ করেননি অ্যালেক্স ফার্গুসন। বরং ক্লাবটির বোর্ড সদস্য হিসেবে কাজ করেছেন এক দশকের বেশি সময়। এরপর সে দায়িত্ব ছেড়ে দিলেও ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের দিন ঠিকই গ্যালারিতে হাজির হতেন ৮৪ বছর বয়সী স্কটিশ কোচ।
যথারীতি গতকাল লিভারপুলের বিপক্ষে ম্যাচের আগেও গিয়েছিলেন ওল্ড ট্রাফোর্ডে। তবে ম্যাচ শুরু হওয়ার আগেই মাঠ ছাড়তে হয় ফার্গুসনকে। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় মাঠ থেকে সরাসরি ফার্গুসনকে হাসপাতালে নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইএসপিএন।
ফার্গুসন হাসপাতালে যাওয়ার দিনে লিভারপুলকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ম্যান ইউনাইটেড। একই সঙ্গে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত করেছে রেড ডেভিলরা।
গতকালের জয়ের পর লিগের ৩৫ ম্যাচ শেষে ৬৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনেই আছে ইউনাইডেট। সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে চারে লিভারপুল। দুটি দলেরই হাতে এখন ৩টি করে ম্যাচ বাকি আছে। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে ৫টি দল চ্যাম্পিয়নস লিগে সুযোগ পাবে।
বর্তমানে পয়েন্ট টেবিলে ৬ নম্বরে থাকা বোর্নমাউথের পয়েন্ট ৫২ (৩৫ ম্যাচে)। দলটি যদি পরের তিন ম্যাচও জেতে, তবে বোর্নমাউথের পয়েন্ট হবে ৬১। অন্যদিকে হাতে থাকা তিন ম্যাচ হারলেও পয়েন্ট টেবিলের পাঁচের বাইরে যাওয়ার সুযোগ নেই ইউনাইটেডের। অর্থাৎ, দুই মৌসুম বাইরে থাকার পর চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত রেড ডেভিলসের।
ইউনাইটেড-লিভারপুলের গতকালের ম্যাচটা অবশ্য রোলার কোস্টার রাইডের মতো হয়েছে। ম্যাচের ৬ মিনিটে মাতেউস কুনিয়া ও ১৪ মিনিটে বেনয়ামিন সেসকোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ইউনাইটেড।
তবে বিরতির পর ১১ মিনিটের মধ্যেই দমিনিক সোবোসলাই ও কোদি খাকপোর গোলে সমতা (২-২) ফেরায় লিভারপুল।
দুদলের আক্রমণ-প্রতিআক্রমণে ম্যাচের ভবিষ্যৎ কোন দিকে যাবে, সেটা কোনোভাবেই বোঝা যাচ্ছিল না। এমন পরিস্থিতিতে নির্ধারিত সময়ের ১৩ মিনিট আগে কোবি মাইনুর গোলে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড। ম্যাচে ফিরতে শেষদিকে প্রাণপন চেষ্টা চালিয়েছিল লিভারপুল। কিন্তু আক্রমণভাগের ব্যর্থতা আর ইউনাইটেডের জমাট রক্ষণে আর গোল পায়নি আর্নে স্লটের দল।
প্রিমিয়ার লিগের শীর্ষ দুই ঐতিহ্যবাহী দলের এমন রোমাঞ্চকর লড়াই, সেটাতে আবার ইউনাইটেডের জয়- কিন্তু সেটা মাঠে বসে উপভোগ করতে পারেননি ফার্গুসন।
ইএসপিএন উল্লেখ করেছে, ম্যাচের আগেই স্টেডিয়ামে হাজির হন সাবেক ইউনাইটেড কোচ। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার আগে স্টেডিয়ামেই তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ফার্গুসনের অবস্থা খুব বেশি গুরুতর ছিল না।
উল্লেখ্য, ১৯৮৬ সালে ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পর দীর্ঘ ২৭ বছর রেড ডেভিলসের ডাগআউট সামলান ফার্গুসন। তাঁর অধীনে ১৪৯৯টি ম্যাচ খেলে ইউনাইটেড। এ সময় ১৩টি লিগ শিরোপা জয়ের পাশাপাশি ক্লাবকে ২টি চ্যাম্পিয়নস লিগ জেতান স্কটিশ এ কোচ। ফার্গুসনের আমলে সব মিলিয়ে ৩৮টি শিরোপা জেতে ইউনাইটেড। একইসঙ্গে ইংলিশ ফুটবলে আধিপত্য বিস্তার করে।
কোচিং ছাড়ার পর ২০১৮ সালের মে মাসে একবার মস্তিষ্কে রক্তক্ষরণের (ব্রেইন হেমোরেজ) শিকার হয়েছিলেন ফার্গুসন। অস্ত্রোপচারের পর পরের বছরের সেপ্টেম্বরে ওল্ড ট্র্যাফোর্ডে ফিরে এলে দর্শকরা দাঁড়িয়ে সম্মাননা (স্ট্যান্ডিং ওভেশন) জানান তাঁকে।
এদিকে গতকালের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিকের কাছে ফার্গুসনের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি নতুন কোনো তথ্য দিতে পারেননি। ক্যারিক বলেছেন, ‘আমার কাছে নতুন কোনো আপডেট নেই। ম্যাচের আগে বিষয়টি শুনেছিলাম। শুধু এটুকুই বলতে পারি, ঘটনাটি আমাকে নাড়িয়ে দিয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনা করি। আশা করছি, এই জয় তাঁকে কিছুটা হলেও ভালো অনুভব করাবে।’